চট্টগ্রামে প্রধান শিক্ষককে প্রকাশ্যে খুঁটিতে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ২

চট্টগ্রামের সাতকানিয়ায় এক প্রধান শিক্ষককে প্রকাশ্যে খুঁটির সঙ্গে বেঁধে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এ ঘটনায় সোমবার (৩০ জুন) অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- একই এলাকার আব্দুল হান্নান ও আবু বক্কর। 

এর আগে ঘটনাটি ঘটে গত (২৭ জুন) রাতে চট্টগ্রামের সাতকানিয়ার কেওচিয়া ইউনিয়নে। 

ওই ভিডিও ফুটেজে দেখা যায়, প্রধান শিক্ষককে প্রথমে খুঁটির সঙ্গে রশি দিয়ে বাঁধা হয়। পরে কয়েকজন মিলে বাজারে জনসন্মুখে চড়-থাপ্পড় ও মারধর করছে এক স্কুলশিক্ষককে। পরেরদিন ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকাজুড়ে।

ভুক্তভোগী বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ভাগ্যকুল কদুখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বুচির পাড়ার মৃত শফিকুর রহমানের ছেলে।

ভুক্তভোগী শিক্ষকের স্ত্রীসহ স্থানীয়দের অভিযোগ, বান্দরবান সদর উপজেলার কদুখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান। জমি বিক্রি নিয়ে বিরোধের জেরে ২৭ জুন রাতে প্রতিপক্ষ হানিফ কৌশলে তাকে দস্তিদার বাজারে ডেকে নিয়ে যান। পরে হানিফ, আবু বক্কর ও মুসলিম উদ্দিনাসহ সাত থেকে আটজন মিলে মারধর ও নির্মমভাবে নির্যাতন করে। পরে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

এ ঘটনার পর শিক্ষকের স্ত্রী বাদী হয়ে সাতকানিয়া থানায় মামলা করে। প্রধান শিক্ষক নির্যাতনের খবর চারিদিকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। এরপর সোমবার (৩০ জুন) পুলিশ আব্দুল হান্নান ও আবু বক্করকে গ্রেপ্তার করে। 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম (সাতকানিয়া সার্কেল, চট্টগ্রাম) বলেন, ‘আমরা শিক্ষকের স্ত্রীর মামলার পর অভিযান শুরু করি। এ ঘটনায় আমরা দু’জনকে গ্রেপ্তার করেছি, অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।’