‘চেনা যায় ভদ্রলোককে? উনি খাইস্টা জাহাঙ্গীর’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক শিক্ষার্থী দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী অনেক সময় তার সহশিল্পী ও শুভাকাঙ্ক্ষীদের স্কেচ আঁকেন। এবার তিনি এঁকেছেন অভিনেতা জাহিদ হাসানের স্কেচ।

সেই ছবি ফেসবুকে পোস্ট করে চঞ্চল প্রশ্ন করেছেন, ‘চেনা যায় ভদ্রলোককে? উনি খাইস্টা জাহাঙ্গীর।’

কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, সেখানে তার নাম ‘খাইস্টা জাহাঙ্গীর’। ওই সিনেমায় জাহিদের লুক ফুটে উঠেছে চঞ্চলের ছবিতে।

‘উৎসব’ সিনেমায় চঞ্চলও অভিনয় করেছেন। পরিচালক তানিম নূর চঞ্চলকে দিয়েছেন ভূতের চরিত্র।

তিনি ছাড়া আরও দুই ভূতের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও অপি করিম।

তাই পোস্টে চঞ্চল লিখেছেন, ‘তিন ভূতসহ উৎসব টিমের পক্ষ থেকে জাহাঙ্গীরের জন‍্য এটি একটি প্রীতি উপহার। আমরা আপনাকে ভালোবাসি জাহিদ হাসান ভাই।’

কেবল জাহিদ হাসানকে নয়, চঞ্চলের তার হাতে আঁকা ছবি উপহার পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের সিনেমা থিয়েটারের অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীকে। ছবি পেয়ে দারুণ আপ্লুত ঋতুপর্ণ ঘোষের ‘বাড়িওয়ালি’ সিনেমায় আভিনয় করে খ্যাতি পাওয়া সুদীপ্তা।

চঞ্চল চৌধুরীর আঁকা পশ্চিমবঙ্গের অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর স্কেচ। ছবি: ফেসবুক থেকে

ওই ছবিতেও সুদীপ্তার মুখ চঞ্চল এঁকেছেন অভিনেত্রীর নতুন সিনেমা ‘আপিস’ এর লুকের আদলে।

পোস্টের শুরুতে সুদীপ্তা লিখেছেন, ‘‘আপিস’ এর ঢেউ কাঁটাতারের বেড়া পার করে গেল...।’

তিনি লিখেছেন, ‘বন্ধু ও সহকর্মী চঞ্চল চৌধুরীর নিজে হাতে এঁকে ওপার বাংলা থেকে পাঠালেন এই ছবি। দারুণ খুশি হয়েছি। ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না তাকে। শুধু আনন্দটুকু ভাগ করে নিলাম সবার সঙ্গে।’

কেবল সহকর্মী ও বন্ধুর ছবি এঁকেই থামেননি চঞ্চল। আত্ম প্রতিকৃতি এঁকেও ফেসবুকে প্রকাশ করেছেন চঞ্চল।

চঞ্চল চৌধুরীর আঁকা আত্ম প্রতিকৃতি। ছবি: ফেসবুক থেকে

এই ছবিটিতে ‘উৎসব’ সিনেমায় ‘ভূত’ চঞ্চলের লুকের আভাস মেলে।