জাবিতে গাছ নিধন বন্ধে বেলার চিঠি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘অধিকতর উন্নয়ন প্রকল্প’ বাস্তবায়নের নামে নির্বিচারে গাছ কাটা ও পরিবেশ বিধ্বংসী কার্যক্রমের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। মঙ্গলবার বেলার পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়ে প্রকল্প বাস্তবায়ন অবিলম্বে স্থগিতের দাবি জানানো হয়।

এতে বলা হয়, এখনও বিশ্ববিদ্যালয়ের জন্য একটি যথাযথ ও পরিবেশবান্ধব মাস্টারপ্ল্যান প্রণয়ন হয়নি। এ পরিস্থিতিতে প্রকল্প বাস্তবায়নের নামে বিশ্ববিদ্যালয়ের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করা হচ্ছে। চিঠিতে ইতোমধ্যে কাটা গাছগুলোর প্রজাতি নির্ধারণ করে ক্ষতিপূরণমূলক বনায়নের দাবিও জানানো হয়েছে। চিঠিটি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিনের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়টি শুধু শিক্ষাঙ্গন নয়, এটি বহু প্রজাতির উদ্ভিদ, প্রাণী ও পাখির আবাসস্থল। প্রতিবছর শীতে অতিথি পাখির আগমনে মুখরিত থাকত এর জলাশয়গুলো। কিন্তু এক গবেষণায় দেখা গেছে, গত ৩৫ বছরে প্রায় ৪০ শতাংশ জলাশয় এবং ২৬ দশমিক ৫ শতাংশ গাছপালাবেষ্টিত অঞ্চল হারিয়ে গেছে। ফলে অতিথি পাখির উপস্থিতিও এখন প্রায় শূন্যের কোঠায়।