নোয়াখালীতে করোনায় বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেবল হক (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। চলতি বছরে জেলায় এটিই প্রথম কোভিড-১৯ সংক্রান্ত মৃত্যু বলে নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের লামছি গ্রামের গনু মিয়ার ছেলে।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. আবদুর রহিম জানান, জেবল হক মঙ্গলবার সকাল ১০টার দিকে জ্বর, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। ভর্তি পর থেকে তাকে করোনা ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এরপর সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর আগে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় এবং এতে করোনা পজিটিভ ফলাফল পাওয়া যায়।

জেলা সিভিল সার্জন ডা. মরিয়ম সিমিও বৃদ্ধের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, 'সকালে রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে তার করোনা শনাক্ত হয় এবং সন্ধ্যায় তার মৃত্যু ঘটে। বর্তমানে নোয়াখালীতে মোট তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তবে কিট সংকটের কারণে এখনো উপজেলা পর্যায়ে করোনা পরীক্ষার কার্যক্রম শুরু করা যায়নি।'

চিকিৎসকরা জানিয়েছেন, করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি জ্বর বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। জেলার অন্যান্য হাসপাতালে সতর্কতা জারি করা হয়েছে এবং করোনা পরীক্ষার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।