সুয়েজ উপসাগরে তেলবাহী বার্জ ডুবে ৪ জন নিহত

সুয়েজ উপসাগরে একটি তেল বহনকারী বার্জ ডুবে গেছে। এতে কমপক্ষে ৪ জন ক্রু সদস্য নিহত হয়েছেন এবং আরও ৪ জন নিখোঁজ রয়েছেন।

বুধবার (২ জুলাই) মিশরীয় সরকার জানিয়েছে, গত রাতে উপসাগরের গেবেল এল-জাইট এলাকায় 'অ্যাডাম মেরিন ১২' নামক বার্জটি ডুবে গেলে ২২ জন আহত হয়েছেন।

মিশরীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বার্জটিকে নতুন স্থানে টেনে নিয়ে যাওয়ার সময় এটি ডুবে যায়।

মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, আহতদের মধ্যে ৪ জনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। বাকি ১৮ জনকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, বুধবার মিশরের পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ মন্ত্রী করিম বাদাউইর বেঁচে যাওয়া ব্যক্তিদের দেখতে হাসপাতালে গেছেন। তার সঙ্গে শ্রমমন্ত্রী মোহাম্মদ জিবরান এবং লোহিত সাগরের গভর্নর আমর হানাফিও ছিলেন।

হানাফি বলেন, নিখোঁজ ক্রুদের অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টায় মিশরীয় নৌবাহিনীর জাহাজগুলো যোগ দিয়েছে।

প্রসঙ্গত, 'গেবেল এল-জাইট' এলাকাটি সুয়েজ খাল থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে একটি প্রধান মিশরীয় তেল উৎপাদন কেন্দ্র।