পাকিস্তানে সরকারি গাড়িতে বোমা হামলা, সহকারী কমিশনারসহ ৫ জন নিহত

পাকিস্তানের গোলযোগপূর্ণ প্রদেশ খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায় সরকারি গাড়ি লক্ষ্য করে বোমা হামলায় একজন সহকারী কমিশনারসহ কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। বুধবার (২ জুন) এই হামলায় আরও অন্তত ১১ জন আহত হয়েছেন।

সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ২০২২ সালের নভেম্বরে নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সরকারের সঙ্গে যুদ্ধবিরতি শেষ করার পর থেকে দেশটিতে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে দেশটি দ্বিতীয় স্থানে রয়েছে।

বাজাউর জেলা পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক বলেন, খার তহসিলের সাদিকাবাদ এলাকার নওয়াগাই রোডে গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণে দুই পুলিশ সদস্য এবং একজন বেসামরিক নাগরিকসহ পাঁচজন নিহত হয়েছেন।

তিনি জানান, নিহতদের মধ্যে রয়েছেন নওগাইয়ের সহকারী কমিশনার (এসি) ফয়সাল ইসমাইল, তহসিলদার আব্দুল ওয়াকিল, সুবেদার নূর হাকিম এবং পুলিশ কনস্টেবল রশিদ।

তিনি আরও বলেন, 'বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে, লক্ষ্যবস্তু করা গাড়িটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়।' বিস্ফোরণে আহত ১১ জনকে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্টের কাছ থেকে প্রাদেশিক স্বাস্থ্য কর্তৃপক্ষকে দেওয়া ঘটনা প্রতিবেদনে বলা হয়েছে, দুপুর ২টায় বোমা বিস্ফোরণটি ঘটে।

খাইবার পাখতুনখোয়া পুলিশের মহাপরিদর্শক (আইজি) জুলফিকার হামিদ মালাকান্দ আঞ্চলিক পুলিশ কর্মকর্তার কাছ থেকে বিস্ফোরণের প্রতিবেদন চেয়েছেন। তিনি টিটিপি'র বিরুদ্ধে গোয়েন্দা তথ্য-ভিত্তিক অভিযান দ্রুততর করার নির্দেশ দেন এবং সন্ত্রাস দমন বিভাগের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শককে বাজাউরে একটি বিশেষ দল পাঠানোর নির্দেশ দেন।

ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তীব্র নিন্দা জানিয়েছেন এবং প্রাণহানির প্রতি শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, সন্ত্রাসবাদীরা মানবতার শত্রু, যারা মানুষের ওপর হামলা করে। সন্ত্রাসবাদের অভিশাপ সম্পূর্ণরূপে নির্মূল করার জন্য সম্ভাব্য সকল পদক্ষেপ নেওয়ার জন্য পাকিস্তান দৃঢ় সংকল্পবদ্ধ।