বিজয়নগরে আড়াই কোটি টাকার মোবাইল ডিসপ্লে উদ্ধার, গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আড়াই কোটি টাকা মূল্যের ১১ হাজার ৬০০ পিস মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করেছে পুলিশ। 

এসময় একটি মাইক্রোবাস জব্দ এবং চালক মো. রাসেল (২৯) কে গ্রেপ্তার করা হয়। তিনি কসবা পৌরসভার কল্যাণসাগর গ্রামের মো. শিপন মিয়ার ছেলে।

মঙ্গলবার (১ জুলাই) গভীর রাতে বিজয়নগরের সাতগাঁও এলাকায় বিজয়নগর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। উদ্ধারকৃত ডিসপ্লেগুলোর বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৩২ লাখ টাকা এবং মাইক্রোবাসের মূল্য প্রায় ২০ লাখ টাকা।

বুধবার (২ জুলাই) এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এহতেশামুল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত রাসেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। চক্রের অন্যান্য সদস্যদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।