শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের চর কোড়ালতলী এলাকায় জমির মধ্যে থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে ভেদরগঞ্জ-ডিএমখালি সড়কের পাশের ওই জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কিশোরীর নাম আমেনা আক্তার রূপা (১৬)। সে ডিএমখালি ইউনিয়নের মৃধা কান্দি গ্রামের মনোয়ার হোসেন ঢালীর মেয়ে এবং স্থানীয় দারুল ফয়েজ মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী।
দারুল ফয়েজ মাদ্রাসার অধ্যক্ষ মো. শরীফ হোসাইন জানান, “রূপা আমাদের মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। আজ তার পরীক্ষা ছিল। সে কেন্দ্রে না আসায় আমরা বাড়িতে ফোন করি। পরিবারের সদস্যরা জানান, সে পরীক্ষা দিতেই বের হয়েছে। এরপর আমরা ও পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করি। পরে সড়কের পাশের জমিতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিই।”
পরে দুপুর ২টার দিকে ভেদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহম্মেদ সেলিম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”