সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্ত্রী সুরাইয়া সুলতানা, ছেলে সাফায়াত বিন জাকির ওরফে সৌরভ এবং মেয়ে জাকিয়া তাবাসসুম সঞ্চয়ীর সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাদের কাছে সম্পদ বিবরণী চেয়ে তিনটি পৃথক নোটিশ পাঠানো হয়েছে।
দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এই নোটিশ গত বুধবার (২ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে কুড়িগ্রামের রৌমারীতে প্রতিমন্ত্রীর বাড়িতে পৌঁছে দেন জেলা দুদক কার্যালয়ের উপসহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান। তিনি জানান, বাড়িতে কাউকে না পাওয়ায় দুদক পরিচালক মো. বেনজির আহম্মদের স্বাক্ষরিত তিনটি নোটিশ বাড়ির গেটে টানিয়ে দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে, দুদক আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় উল্লেখিত অনুসন্ধান অনুযায়ী, সুরাইয়া সুলতানা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন। তাই তাকে ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ফরমে বিস্তারিত সম্পদ বিবরণী জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বিবরণী দাখিলে ব্যর্থ হলে বা মিথ্যা তথ্য দিলে ২৬(২) ধারায় ব্যবস্থা নেওয়া হবে। একই ধরনের নোটিশ জারি করা হয়েছে তার ছেলে ও মেয়েকেও।
এ বিষয়ে জাকির হোসেনের স্ত্রী, ছেলে ও মেয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মন্তব্য পাওয়া যায়নি।
২০২৪ সালের ২৪ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে, ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি তার ছেলে সাফায়াত বিন জাকিরকে ঢাকার দক্ষিণ বনশ্রীর বাসা থেকে আটক করা হয়।