বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গানে মডেলিং করার ঘটনায় বহিষ্কৃত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল নেতা শরীফ উদ্দিন সরকারের পক্ষে অবস্থান নেওয়ায় এবার স্থায়ী বহিষ্কার করা হলো সংগঠনটির আরেক নেতাকে।
বহিষ্কৃত ওই নেতার নাম মোজাম্মেল হোসেন অন্তু। তিনি ঢাবি ছাত্রদলের সহ মানবাধিকার সম্পাদক ছিলেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে অন্তু লিখেছিলেন, ‘শরীফ উদ্দিন সরকার ভাইয়ের সাথে ছাত্রদল স্রেফ দলীয় নোংরামির ইতর মুখটা দেখালো।’
এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রদল ৪৮ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিতে অন্তুকে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হতে নির্দেশ দেয়। একই সঙ্গে কেন সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যাও চাওয়া হয়।
তবে অন্তু তার স্ট্যাটাসেই ব্যাখ্যা দেওয়ার সম্ভাবনা নাকচ করে বলেন, ‘কারো প্রতি ঘোরতর অন্যায় করা হইলে সেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যদি আমার সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণ হয় তাহলে এমন শৃঙ্খলে আমি আবদ্ধ থাকতে চাই না। আমি কোনো অন্যায় করিনি, তাই লিখিত ব্যাখ্যা দেব না।’
এরপর বৃহস্পতিবার (৩ জুলাই) কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ মানবাধিকার সম্পাদক মোজাম্মেল হোসেন অন্তুকে প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের মোজাম্মেল হোসেন অন্তুর সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করেছেন।’
বহিষ্কারাদেশ পাওয়ার পর এক ফেসবুক পোস্টে ছাত্রদলকে উদ্দেশ করে মোজাম্মেল হোসেন অন্তু লেখেন, ‘ধন্যবাদ’।