নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাটে চাঁদাবাজদের দৌরাত্ম্যের প্রতিবাদে সিএনজি চালকরা শুক্রবার (৪ জুলাই) সকাল থেকে ছয় ঘণ্টার ধর্মঘট পালন করেছেন। এতে করে আড়াইহাজার-গোপালদী-রামচন্দ্রদী রুটে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
ভোর থেকে শতাধিক সিএনজি চালক গাড়ি চালানো বন্ধ রেখে রামচন্দ্রদী এলাকায় সমবেত হন। চালকরা অভিযোগ করেন, ফেরিঘাটে নির্ধারিত টোল পরিশোধের পরও প্রতিবার তাদের কাছ থেকে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে।
চালকদের দাবি, এ চাঁদাবাজির নেতৃত্ব দিচ্ছেন হারুন নামে এক ব্যক্তি, যিনি বিএনপির কর্মী এবং বিশনন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন হামজালার অনুসারী হিসেবে পরিচিত। হারুনের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে সিএনজি চালকদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করছে বলে অভিযোগ ওঠে।
স্থানীয় সিএনজি চালক জিলানী ও নজরুল ইসলাম বলেন, “আমরা নিয়মিত টোল দেই, তারপরও ফেরিঘাটে চাঁদা দিতে হয়। প্রতিবাদ করলেই হুমকি দেয় ও গাড়ি সিরিয়াল আটকে দেয়।”
বেলা সাড়ে ১১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর একটি যৌথ দল ঘটনাস্থলে পৌঁছে চালকদের সঙ্গে কথা বলে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে চালকরা ধর্মঘট প্রত্যাহার করেন।
অভিযুক্ত হারুন বলেন, “আমি চাঁদাবাজি করি না, সিরিয়াল ঠিক করে দেওয়ার কষ্টের বিনিময়ে টাকা নিই।” তবে বিশনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মাসুদ বলেন, “আমরা হারুনকে চিনি না। বিএনপির সঙ্গে চাঁদাবাজির কোনো সম্পর্ক নেই।” সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন হামজালা বিদেশে থাকায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, “চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”