চৌগাছায় প্রাথমিক বিদ্যালয়ের ফ্যান-বেঞ্চ চুরির ঘটনায় আটক ২

যশোরের চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিলিং ফ্যান, বেঞ্চসহ বিভিন্ন আসবাবপত্র চুরির ঘটনায় দুই জনকে আটক করেছেন পুলিশ।

শুক্রবার (৪ জুলাই) দিনগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা যায়, সম্প্রতি ঈদের ছুটির মধ্যেই চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। ২৪ জুন সকালে বিদ্যালয় খোলার পর শিক্ষকরা ক্লাসরুমে প্রবেশ করে সিলিংফ্যান, বেঞ্চসহ বিভিন্ন আসবাবপত্রের ঘাটতি লক্ষ্য করেন। পরে গুনে দেখা যায় অন্তত ২৫টি বৈদ্যুতিক সিলিংফ্যান, ২৩ জোড়া বেঞ্চ ও মূল্যবান আসবাবপত্র চুরি হয়েছে। এ স্কুলের প্রধান শিক্ষক নাসির উদ্দীন বাদী হয়ে চৌগাছা থানায় একটি মামলা দায়ের করেন।

শুক্রবার ৪ জুলাই দিনগত রাতে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে থানা পুলিশ বিশেষ অভিযান চালায়। এ সময় বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী সাজেদুর রহমান রকিকে (৩০) আটক করে পুলিশ। রকি পৌর এলাকার চানপুর গ্রামের কামারুল ইসলামের ছেলে।

পরে চৌগাছা শহরের প্রেসক্লাব মোড় থেকে নাজমুল ইলেকট্রনিকসের মালিক নাজমুল হোসেনকে (২৮) আটক করা হয়। এ সময় পুলিশ তাদের কাছ থেকে চুরি হওয়া ১২টি সিলিংফ্যান ও স্কুলের ঘন্টা উদ্ধার করে।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান, চুরি হওয়া অন্য মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।