অসুস্থ তাসলিমার পাশে দাঁড়াল ‘স্বপ্ন’ পরিবার

খুলনার সোনাডাঙ্গা এলাকায় ‘স্বপ্ন’ সুপারশপের সামনে রাস্তায় পড়ে ছিলেন এক অসুস্থ নারী। পরে তাঁর চিকিৎসার দায়িত্ব নেয় প্রতিষ্ঠানটি। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, ওই নারীর নাম তাসলিমা খাতুন। বয়স আনুমানিক ৫০ বছর। গত ২ জুলাই তাঁকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ‘স্বপ্ন’র সোনাডাঙ্গা আউটলেটের সামনে। মাথায় আঘাত পাওয়া তাসলিমা তখন নড়াচড়া করতেও পারছিলেন না। বিষয়টি দেখতে পেয়ে আউটলেটের কর্মীরা তাঁকে খাবার ও জুস দেন। পরে তাঁর মাথার ক্ষত শুকিয়ে গিয়ে ইনফেকশন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিলে তাঁকে দ্রুত চিকিৎসা দেওয়ার উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি।

‘স্বপ্ন’র হেড অব অ্যাডমিনিস্ট্রেশন (ক্রাইসিস ম্যানেজমেন্ট, রিকভারি ও কমপ্লায়েন্স) মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, ‘বিষয়টি আমার নজরে আসার পরই আমি আমাদের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির স্যারের সঙ্গে আলোচনা করি। তাঁর নির্দেশনায় দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়। করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান ড. সোহেল মঈনউদ্দিন শৈবাল সেখানে উপস্থিত হয়ে হাসপাতাল ভর্তি করাতে সহায়তা করেন। এ ক্ষেত্রে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতাও আমরা পেয়েছি। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

‘স্বপ্ন’র ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘স্বপ্নযোদ্ধারা সবসময় যে কোনো দুঃসময় মোকাবিলায় প্রস্তুত থাকে। একজন মা শুধু পরিবারের নয়, সমাজেরও কেন্দ্রবিন্দু। কে বা কারা তাঁর মাথায় আঘাত করেছে, সেটা খতিয়ে দেখা জরুরি। আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা নিশ্চয়ই বিষয়টি খতিয়ে দেখবে।’

তাসলিমা খাতুন বর্তমানে খুলনায় চিকিৎসাধীন। গত ৪ জুলাই থেকে তাঁর চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে ‘স্বপ্ন’ পরিবার।