যশোরের চৌগাছা উপজেলার পুড়াপাড়া সড়কটি এখন যেন এক ভয়াবহ মৃত্যুকূপে রূপ নিয়েছে। টেঙ্গরপুর মোড় থেকে খড়িঞ্চা বাজার এবং তেল পাম্প থেকে পুড়াপাড়া ক্লিনিক পর্যন্ত সড়কের খানাখন্দ ও ভাঙাচোরা অংশে চলাচল বিপজ্জনক হয়ে উঠেছে, বিশেষ করে বর্ষা মৌসুমে।
রাস্তার বেহাল দশার কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। রাস্তাটিতে দীর্ঘদিন ধরে কোনো সংস্কার না হওয়ায় সেটি এখন একেবারে অনুপযোগী হয়ে পড়েছে।
বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, গর্ভবতী নারী এবং বৃদ্ধদের চলাফেরা চরমভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরাও মালামাল পরিবহনে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন অবস্থার পরেও কর্তৃপক্ষ নির্বিকার, ফলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা ক্রমেই বাড়ছে।
আন্দারকোটা হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক তমিজ উদ্দীন বলেন, ‘এই রাস্তাটি দিয়ে ছাত্র-ছাত্রীদের স্কুলে যাওয়া এখন দুঃস্বপ্নের মতো। বাচ্চারা প্রায়ই পড়ে গিয়ে আহত হচ্ছে। সামনে বর্ষায় পরিস্থিতি আরও ভয়াবহ হবে।’ তিনি আরও বলেন, ‘রাস্তাটি দ্রুত সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ বলেন, ‘রাস্তাটি সংস্কারের জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে, এলাকাবাসী অবিলম্বে রাস্তার সংস্কার কাজ শুরুর আহ্বান জানিয়েছেন এবং এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।