এহসান মাহমুদের প্রতি অসম্মানজনক আচরণের প্রতিবাদে ৩২ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

রাজধানীতে অনুষ্ঠিত একটি রাজনৈতিক অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক এহসান মাহমুদের প্রতি করা অসম্মানজনক ও অসদাচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেশের ৩২ জন বিশিষ্ট নাগরিক। সম্প্রতি মহান জুলাই অভ্যুত্থানের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে এহসান মাহমুদ এমন আচরণের শিকার হন বলে অভিযোগ উঠেছে।

এক যৌথ বিবৃতিতে তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় এবং সত্যের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়া একজন সাংবাদিকের সঙ্গে এমন আচরণ দুঃখজনক ও উদ্বেগজনক।

বিবৃতিতে আরও বলা হয়, “এই ঘটনা শুধু একজন সাংবাদিককে অপমান করার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি জুলাই অভ্যুত্থানকে বিতর্কিত করার একটি বৃহত্তর রাজনৈতিক প্রয়াসের অংশ। সেই বিপ্লবের সাহসী যোদ্ধাদের ভাবমূর্তি নষ্ট করতে এবং ইতিহাস বিকৃত করতে পরিকল্পিতভাবে এমন অপপ্রচার ও অসম্মানজনক আচরণ করা হচ্ছে।”

এহসান মাহমুদ দীর্ঘদিন ধরে লেখক, শিল্পী ও অধিকারকর্মীদের সঙ্গে রাজপথে সোচ্চার থেকেছেন। দমন-পীড়নের মুখেও আপস করেননি তিনি। বিবৃতিদাতারা জানান, এ লড়াইয়ে এহসান মাহমুদের পেশাগত ও ব্যক্তিজীবন বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে। চাকরি হারিয়েছেন একাধিকবার, কিন্তু কখনও অন্যায়ের কাছে মাথা নত করেননি।

তারা বলেন, “এই আচরণ শুধু এহসান মাহমুদের প্রতি নয়, এটি গণতন্ত্র, মুক্তচিন্তা ও স্বাধীন মতপ্রকাশের বিরুদ্ধেও এক ধরনের হুমকি। আমরা এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কবি, লেখক, সাংবাদিক, শিল্পী ও সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বরা।

স্বাক্ষরকারীদের তালিকা:
১. আ-আল মামুন, অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
২. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
৩. আর রাজী, শিক্ষক, সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
৪. ড. মোশরেকা অদিতি হক, সহযোগী অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
৫. সায়মা আলম, সহকারী অধ্যাপক, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
৬. ড. ইফতিখারুল আলম, অধ্যাপক, আরবি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
৭. সামিনা লুৎফা, অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
৮. লতিফুল ইসলাম শিবলী, গীতিকবি
৯. সাইয়েদ আব্দুল্লাহ, অ্যাক্টিভিস্ট
১০. রাখাল রাহা, লেখক ও সম্পাদক
১১. সালাহ উদ্দিন শুভ্র, কথাসাহিত্যিক ও সাংবাদিক
১২. রাজু আলাউদ্দিন, কবি, প্রাবন্ধিক ও অনুবাদক
১৩. হাসান রোবায়েত, কবি
১৪. সাঈদ বারী, প্রকাশক
১৫. দেলোয়ার হাসান, সাংবাদিক
১৬. ইসমাঈল হোসেন, সাংবাদিক
১৭. মৃদুল মাহবুব, কবি
১৮. কাজল শাহনেওয়াজ, কবি
১৯. ইকবাল হোসেন সানু, চিত্রশিল্পী
২০. মোহাম্মদ রোমেল, কবি ও সংস্কৃতিকর্মী
২১. রেবেকা নীলা, শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী
২২. ফেরদৌস আরা রুমী, লেখক ও অধিকারকর্মী
২৩. মোহাম্মদ নাজিমউদ্দিন, লেখক ও প্রকাশক
২৪. বাকী বিল্লাহ, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট
২৫. অমল আকাশ, সাংস্কৃতিক কর্মী
২৬. জিয়া হাশান, কথাসাহিত্যিক
২৭. আহমেদ স্বপন মাহমুদ, কবি
২৮. মাহাবুব রাহমান, প্রকাশক
২৯. পলিয়ার ওয়াহিদ, কবি
৩০. অস্ট্রিক আর্যু, সাহিত্যিক ও অনুবাদক
৩১. সাম্য শরিফ, লেখক ও অনুবাদক
৩২. আমিনুল ইসলাম মামুন, লেখক