আটকদের মুক্তি না দিলে গণ-আত্মসমর্পণের হুঁশিয়ারি চাকরিচ্যুত বিডিআর সদস্যদের

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। তাদের দাবি, পুলিশ আটক করা ১৩ জন সহযোদ্ধাকে সন্ধ্যার মুক্তি দিতে হবে। না হলে তারা গণ-আত্মসমর্পণ করবেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে মুক্তি না পেলে তাঁরা রমনা থানায় গিয়ে আত্মসমর্পণ করবেন।

এর আগে সোমবার (৭ জুলাই) সকাল থেকে শাহবাগে ৩ দফা দাবিতে অবস্থান শুরু করেন তাঁরা। পরে পুলিশের বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টা কার্যালয় ‘যমুনা’র দিকে রওনা হন। মৎস্য ভবন এলাকায় পুলিশ তাদের আটকে দেওয়ার চেষ্টা করে, তবে সেখান থেকেও অগ্রসর হন আন্দোলনকারীরা। শেষ পর্যন্ত কাকরাইল মোড়ে গিয়ে অবস্থান নেন।

এ সময় পুলিশ আন্দোলনকারীদের ১০ মিনিটের মধ্যে সরে যেতে নির্দেশ দেয়। নির্দেশ অমান্য করায় পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। পরে পুলিশ ১৩ জন আন্দোলনকারীকে আটক করে।

আটকদের মুক্তির দাবিতে আন্দোলনকারীরা সময় বেঁধে দেন। তাঁরা জানান, দাবি পূরণ না হলে আত্মসমর্পণ ছাড়া বিকল্প থাকবে না।

এদিকে যমুনা ও আশপাশের এলাকায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।