যমুনেশ্বরী ও চিকলি নদীতে গোসলে নেমে তিন শিক্ষার্থীর মৃত্যু

রংপুরের বদরগঞ্জে যমুনেশ্বরী ও চিকলি নদীতে গোসল করতে নেমে তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুজন মাদ্রাসার ছাত্র এবং একজন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। একই দিনে পৃথক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান জানান, রোববার (৬ জুলাই) দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও এলাকাবাসীর সহায়তায় যমুনেশ্বরী নদী থেকে প্রথমে উদ্ধার করা হয় মেহেদী হাসান সিয়াম (১৩) নামের এক শিক্ষার্থীকে। পরে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এরপর বিকেল সাড়ে ৫টার দিকে একই নদী থেকে উদ্ধার করা হয় আরেক শিক্ষার্থী আলিফ হোসেনের (১২) লাশ। তারা দুজনই জামু বাড়ি ডাঙ্গাপাড়া এলাকার জামিয়াতুস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসার ছাত্র। জানা গেছে, রোববার সকালে সিয়াম, আলিফ ও আল হুসাইন নামের আরও এক ছাত্র মাদ্রাসা থেকে পালিয়ে যায়। বহু খোঁজাখুঁজির পর যমুনেশ্বরী নদীর পাকের মাতা ব্রিজের নিচে সিয়ামের সন্ধান মেলে। আলিফের মরদেহও পরে নদীতেই দেখতে পান স্থানীয়রা।

মেহেদী হাসান সিয়ামের বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জে আর আলিফ হোসেনের বাড়ি পার্বতীপুর উপজেলায়।

একই দিনে দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের ধোলাইঘাট এলাকায় চিকলি নদীতে গোসল করতে নেমে ডুবে মারা যায় তাসিন (১০) নামের এক স্কুলছাত্র। সে দিলালপুর মাদারগঞ্জ গ্রামের জিয়াউর ইসলামের ছেলে এবং দিলালপুর মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

বদরগঞ্জ থানার ওসি আতিকুর রহমান জানান, যমুনেশ্বরী নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাসিনের মরদেহও উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নদীতে গোসল করতে গিয়ে একদিনে তিন শিশুর মৃত্যুর ঘটনায় বদরগঞ্জ উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন থেকে দুর্ঘটনা এড়াতে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।