ইসরায়েল আমাকেও হত্যা করতে চেয়েছিল: ইরানি প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েলি কর্তৃপক্ষ তাকেও হত্যার চেষ্টা করেছিল। মার্কিন সাংবাদিক টাকার কার্লসনের সঙ্গে এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রথমবার প্রশ্নের জবাবে তিনি মুখ খুললেন।

মাসুদ পেজেশকিয়ান উল্লেখ করেন, 'তারা চেষ্টা করেছিল, হ্যাঁ এবং তারা সেই অনুযায়ী কাজ করেছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছিল।'

ইরানের প্রেসিডেন্টের মতে, হত্যার চেষ্টাটি দেড় সপ্তাহ আগে হয়েছিল। তিনি বলেন, 'আমি একটি বৈঠকে ছিলাম, আমরা কীভাবে যাব, সেই উপায় নিয়ে আলোচনা করছিলাম। তারা সেই এলাকায় বোমা হামলার চেষ্টা করেছিল, যেখানে আমরা সেই বৈঠক করছিলাম।'

গত ১৩ জুন ভোরে ইসরায়েল ইরানের মাটিতে বিমান হামলা চালিয়ে আগ্রাসন শুরু করে। লক্ষ্যবস্তু হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যার পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিদেরও নিশানা করা হয়। এরপর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইরান প্রতিশোধ নেয়।

নয় দিন ধরে ইসরায়েলি হামলার জবাবে পাল্টা হামলা চালিয়ে যায় ইরান। ২২ জুন ভোরে মার্কিন ভারী বোমারু বিমানগুলো তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় আক্রমণ করে এবং সংঘর্ষে প্রবেশ করে।

পরের দিন সন্ধ্যায় তেহরান কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্য অঞ্চলের বৃহত্তম মার্কিন সামরিক বিমানঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মার্কিন কর্তৃপক্ষের মতে, কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষতি হয়নি।

এরপর ২৪ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ইসরায়েল এবং ইরান সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষও জানায়, তারা মার্কিন প্রস্তাব গ্রহণ করেছে এবং ইরানের বিরুদ্ধে তাদের অভিযানের সমস্ত উদ্দেশ্য সম্পন্ন করেছে। পরিবর্তে তেহরান বলেছে, তারা আগ্রাসন বন্ধ করতে বাধ্য করে তেল আবিবের ওপর বিজয় অর্জন করেছে।