চট্টগ্রামের রাউজানে প্রকৌশলী নুরুল আলম বকুল হত্যা মামলায় নিহতের মা, ভাইসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (৮ জুলাই) চট্টগ্রাম চিফ ম্যাজিস্ট্রেট আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সোমবার বিকেলে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন নিহত বকুলের মা শহীদা বেগম (৬৪), নিহতের ভাই মো. নাজিম উদ্দিন (৩৩) ও মো. দিদারুল ইসলাম(৩১)।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি কার্যক্রম শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল ঈদের পরের দিন নগরীর বাসা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন বকুল। এসময় জায়গা-সম্পত্তির বিরোধের জেরে নিজ স্ত্রী-পুত্রের সামনে লোহার রড, লাটি, হাতুড়ি দিয়ে পিটিয়ে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে নৃশংসভাবে প্রকৌশলী নুরুল আলম বকুল হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন তার মা, ভাই-বোন ও চাচাতো ভাইরা।
ঘটনার দুই দিন পর ৩ এপ্রিল নিহতের আরেক ভাই রাজু আহমেদ বাদি হয়ে হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী মো. নাজিম উদ্দিন, দিাদরুল আলম, শাহিদা বেগম, মুন্নি আকতার, মো. জাকের হোসেন, মো. জাহিদ হোসেনের বিরুদ্ধে রাউজান থানায় হত্যা মামলা দায়ের করেন। অবশেষে হত্যাকাণ্ডের ৩ মাস পর পুলিশ ৬ আসামির মধ্যে এই তিনজনকে গ্রেপ্তার করে।