সশস্ত্র হামলার পর মামলা, এখন বাদী পরিবারকে হত্যার হুমকি

কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামে পূর্ব বিরোধের জেরে সশস্ত্র হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামিরা বাদী ও তার পরিবারকে এলাকাছাড়া করার হুমকি দেওয়াসহ হত্যার ভয় দেখাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (৮ জুলাই) মামলার বাদী মো. আশিকুর রহমান সরকার এ অভিযোগ করেন। তিনি ওই গ্রামের মো. আব্দুল মালেক সরকারের ছেলে।

এর আগে, গত ২৭ জুন (শুক্রবার) জুমার নামাজের পর মসজিদ থেকে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আসামিরা বাদী, তার বাবা ও ভাইসহ পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়।

মামলার আসামিরা হলেন- কাজিয়াতল গ্রামের মো. সোহেল সরকার (৩৫), মো. আকমত আলী সরকার (৬৫), মো. ইকবাল সরকার (৩২), মো. কবির সরকার (৪৫) ও মো. মফিজ উদ্দিন সরকার (৩৪)। এছাড়াও মামলায় আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে বাদীর পরিবারের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে সম্প্রতি আসামিরা বাদীর বাড়ির টিনের বেড়া ভাঙচুর করে এবং বাড়িতে ঢুকে গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয়।

গত ২৭ জুন বাদী ও তার পরিবারের সদস্যরা জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে আসামিরা দা, লোহার রড, গ্যাস পাইপ, লাঠিসোটা নিয়ে অতর্কিতে হামলা চালায়। এতে বাদী, তার বাবা-ভাইসহ অন্যরা গুরুতর আহত হন। এ সময় নাজমুল হুদা ওরফে সুমন সরকারকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয় এবং তার পকেটে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করেন এবং সুমন সরকারকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই ঘটনায় আশিকুর রহমান সরকার বাদী হয়ে সোহেল সরকারকে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে মুরাদনগর থানায় মামলা দায়ের করেন।

মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের কাছে আশিকুর রহমান সরকার অভিযোগ করেন, মামলার চার আসামি জামিনে মুক্তি পেয়ে তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন এবং এলাকাছাড়া করার চেষ্টা করছেন। তিনি বর্তমানে পরিবারসহ নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মুরাদনগর থানার এসআই আব্দুল্লাহ আল-মামুন দৈনিক ইত্তেফাককে বলেন, মামলার প্রধান আসামি সোহেল সরকার পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বাদী ও তার পরিবারকে হুমকি দেওয়া হলে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।