হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আলু ফেলে মহাসড়ক অবরোধ চাষি-ব্যবসায়ীদের

কুড়িগ্রামে হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়কে আলু ফেলে মহাসড়ক অবরোধ করেছেন আলু চাষি ও ব্যবসায়ীরা। 

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ী বাজার এলাকায় প্রায় দেড় ঘণ্টা এই কর্মসূচি চলায় বন্ধ থাকে যানবাহন চলাচল। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। পরে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

অবরোধে অংশ নেওয়া চাষি ও ব্যবসায়ীরা জানান, বাজারে আলুর দাম কম হলেও হিমাগারে ভাড়া অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে। চলতি মৌসুমে বীজ, সার ও কীটনাশকের দাম বাড়ায় প্রতি কেজি আলু উৎপাদনে খরচ হয়েছে ২২ টাকা। তার ওপর হিমাগারে প্রতি কেজি আলুর ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬ টাকা ৭৫ পয়সা। ফলে মোট খরচ দাঁড়াচ্ছে ২৯ টাকা। অথচ বাজারে প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে মাত্র ১৫ টাকা দরে, ফলে প্রতি কেজিতে লোকসান গুনতে হচ্ছে প্রায় ১৪ টাকা।

চাষিদের দাবি, হিমাগারে প্রতি কেজি আলুর ভাড়া ৫ টাকার মধ্যে রাখতে হবে। একজন কৃষক বলেন, “গত বছর এক বস্তা আলু ৩৫০ টাকায় হিমাগারে রাখা হয়েছিল। এবার সেই ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ৪৫০ টাকার ওপরে। এতে করে দাম কম থাকায় কৃষকেরা ভয়াবহ ক্ষতির মুখে পড়বে।”

কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন বলেন, “কৃষকদের আশ্বস্ত করা হয়েছে, এবং তারা কর্মসূচি প্রত্যাহার করেছেন। তাদের মঙ্গলবার আলোচনার জন্য ডাকা হয়েছে। সেখানেই বিষয়টির সমাধান নিয়ে আলোচনা করা হবে।”