আয়ুর্বেদিক চিকিৎসা, শিক্ষা ও স্বাস্থ্য খাত নিয়ে জাতীয় সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বামা) এবং মেডিসিনাল প্লান্টস অ্যান্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রোমোশন কাউন্সিল-এর উদ্যোগে “জাতীয় স্বাস্থ্য ব্যবস্থায় ইউনানী-আয়ুর্বেদিক শিক্ষা এবং ঔষধ শিল্পের বর্তমান অবস্থা ও করণীয়” শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

২৫ জুন ২০২৫, বুধবার সকালে ঢাকার অদূরে মুন্সীগঞ্জের গজারিয়ায় অবস্থিত হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুগ্মসচিব এবং বাংলাদেশ বোর্ড অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিন-এর চেয়ারম্যান জনাব মল্লিকা খাতুন। স্বাগত বক্তব্য দেন বামা’র সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “দেশের মানুষের প্রয়োজনে ইউনানী ও আয়ুর্বেদিক শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে। এ খাত নিয়ে অনেক হতাশা থাকলেও ড. ইউছুফ হারুন ভূঁইয়ার মতো অনুপ্রেরণাও আমাদের সামনে আছে।”

তিনি আরও জানান, এই খাতের উন্নয়নে ভবিষ্যতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।

হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক (অব.) ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আনোয়ারের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের আয়ুর্বেদিক বিভাগের প্রধান অধ্যাপক ড. বাবুল আক্তার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হামদর্দের পরিচালক (তথ্য ও গণসংযোগ) আমিরুল মোমেনীন মানিক। এছাড়া বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ইউনানী বিভাগের প্রধান ড. মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিপিসি’র কর্মকর্তা ফাতেমা বিনতে রহমান, হামদর্দ জেনারেল হাসপাতালের পরিচালক (অব.) মেজর ডা. হারুন-অর-রশিদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনানী বিভাগের সহকারী অধ্যাপক বিজয়া ইসলাম।

সেমিনার শেষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত হামদর্দের আধুনিক কারখানা পরিদর্শন করেন প্রধান অতিথি জনাব মল্লিকা খাতুন। তিনি কারখানার অত্যাধুনিক উৎপাদন ব্যবস্থা ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় হামদর্দের পরিচালক (উৎপাদন) বশির আহমদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।