চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনের শিডিউল বিপর্যয় ও ক্যাম্পাসে অবস্থিত ব্যাংকগুলোর ধীরগতির সেবার কারণে চরম হয়রানির শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। এ পরিস্থিতির প্রতিবাদে মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল চবি শাখার ব্যানারে এক ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, প্রশাসন একদিকে ‘চতুর্থ শিল্পবিপ্লবের’ কথা বললেও, অন্যদিকে শিক্ষার্থীদের মৌলিক সুবিধা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। ছাত্রদের মূল্যবান সময় প্রতিদিন নষ্ট হচ্ছে দীর্ঘ লাইনে ব্যাংকে দাঁড়িয়ে ও শাটলের অনিয়মে ভোগান্তিতে পড়ে।
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক মোহাম্মদ আকিব বলেন, "শাটল ট্রেন ও ব্যাংক সেবার সংকট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রতিদিনের যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যাগুলো সমাধানে প্রশাসনের উদাসীনতা ন্যক্কারজনক। আমরা অবিলম্বে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই।"
এ সময় আরও বক্তব্য রাখেন সংগঠক এমদাদ উল্লাহ, রিশাদ আমিন বর্ণ ও ধ্রুব বড়ুয়া। তারা প্রশাসনকে সতর্ক করে বলেন, সমস্যা সমাধানে উদ্যোগ না নিলে ছাত্রসমাজ আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।
শিক্ষার্থীদের অভিযোগ, ব্যাংকের স্বল্প সংখ্যক কাউন্টার ও জনবলের কারণে বেতন ও অন্যান্য ফি জমা দিতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। অপরদিকে, শাটল ট্রেনের সময়সূচি ঠিক না থাকায় ক্লাস ও অন্যান্য জরুরি কাজে শিক্ষার্থীরা প্রায়ই বিঘ্নিত হচ্ছেন।
সমাবেশ শেষে নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত দাবিনামা পেশ করার ঘোষণা দেন এবং সমস্যা সমাধানে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেন।