সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে সিলেটের সুবিদবাজার এলাকার লন্ডনি রোডের ১৩৭ নম্বর বাসা থেকে আটক করেছে স্থানীয় জনতা ও বিএনপি কর্মীরা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বুধবার (৯ জুলাই) সকাল তাকে আটকের পর জালালাবাদ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, স্থানীয় জনতা প্রদীপ রায়কে আটক করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রদীপ রায়ের বিরুদ্ধে সিলেট ও সুনামগঞ্জ জেলায় মোট সাতটি মামলা রয়েছে।
ওসি জানান, দিরাই থানা থেকে পুলিশের একটি দল সিলেটের উদ্দেশে রওনা দিয়েছে। তারা সিলেটে এসে প্রদীপ রায়কে নিজেদের হেফাজতে নেবে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, প্রদীপ রায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় নানা অনিয়ম ও হয়রানিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।