লক্ষ্মীপুরে পূজা উদযাপন পরিষদ নেতাকে ছুরিকাঘাত

লক্ষ্মীপুরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও রানী জুয়েলার্সের মালিক জয়দেব নাথকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রী কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে প্রথমে চন্দ্রগঞ্জের ন্যাশনাল হসপিটাল ও পরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন জয়দেব নাথ। নিজ বাড়ীর সামনে পৌঁছালে হঠাৎ হাত নাড়িয়ে তার গাড়ির গতিরোধ করে ৪ থেকে ৫ জন যুবক। এ সময় তাকে মোটর সাইকেল থেকে নামিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে টেনে-হিঁচড়ে বাগানে নিয়ে যায় তারা। এক পর্যায়ে চিৎকার দিলে তারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে তার শরীরের একাধিক স্থানে জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। 

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল সাহা ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

আরও পড়ুন:  আলমডাঙ্গায় মাদ্রাসাছাত্রের মস্তকবিহীন লাশ উদ্ধার

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/জেডএইচডি