পাকিস্তানে ৪০টি জঙ্গি সংগঠন ছিল: ইমরান খান

পাকিস্তানে ৪০টি জঙ্গি সংগঠন সক্রিয় ছিল। গত ১৫ বছরে পাক সরকার কখনও এ ব্যাপারে সত্যিটা যুক্তরাষ্ট্রকে জানায়নি। মঙ্গলবার ওয়াশিংটনে বিস্ফোরক এই মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।     

ইমরান খান বলেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধে আমরাও লড়েছি। ৯/১১-র সঙ্গে পাকিস্তানের কোনও সম্পর্ক নেই। আল কায়েদা আফগানিস্তানে ছিল। পাকিস্তানে কোনও সন্ত্রাসবাদী তালেবান ছিল না। তবু আমরা আমেরিকার যুদ্ধে সামিল হয়েছিলাম। দুর্ভাগ্যজনকভাবে যখন কোনও কিছুই ঠিক চলছিল না, তখন আমার সরকারের উপর দোষারোপ করে বলছি আমরা যুক্তরাষ্ট্রকে যথার্থ সত্য বলিনি।’

মার্কিন কংগ্রেসের সদস্যা শিলা জ্যাকসন লি আয়োজিত ক্যাপিটল হিলের নৈশভোজে বক্তব্য রাখতে গিয়ে ইমরান আরও বলেন, পাকিস্তান থেকে ৪০টি সন্ত্রাসবাদী সংগঠন কাজ করেছিল। ফলে পাকিস্তান এমন একটা সময়ের মধ্যে দিয়ে গেছে, যেখানে আমাদের মতো নাগরিকরা বেঁচে থাকবে কি না চিন্তায় ছিল। সে জন্য যুক্তরাষ্ট্র যখন সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের থেকে আরও বেশি কিছু আশা করেছিল, তখন পাকিস্তান নিজের অস্তিত্বের জন্য লড়াই চালাচ্ছিল।   

এছাড়া ইমরান খান বলেন, দুই দেশের অবিশ্বাসের সম্পর্ক আমাদের কাছে খুবই বেদনাদায়ক। আশা করি এর পর থেকে আমাদের সম্পর্ক সম্পূর্ণ বদলে যাবে।

আরও পড়ুন: নেপালে ভয়াবহ ভূমিধস, নিহত ১২ 

ইমরান খান আরও জানান, তিনি যুক্তরাষ্ট্র সফর থেকে দেশে ফেরার পর তালেবানের সঙ্গে আলোচনায় বসবেন। আফগানিস্তানে দীর্ঘ ১৮ বছর ধরে চলা যুদ্ধের অবসান প্রচেষ্টার অংশ হিসেবে তিনি তাদের সঙ্গে আলোচনা করবেন। তথ্য সূত্র: ইন্ডিয়া টুডে, এনডিটিভি, এএফপি। 

ইত্তেফাক/এসআর