গুমের শিকার ব্যক্তিদের নিয়ে কাজ করা সংগঠন ইউনাইটেড ফর দ্য ভিকটিমস অব এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস (ইউভিইডি) গুম তদন্ত কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছে এবং ২০০ জন নিখোঁজ ব্যক্তির তালিকা কমিশনের কাছে হস্তান্তর করেছে।
বুধবার (৯ জুলাই) রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কার্যালয়ে ইউভিইডির মুখ্য আহ্বায়ক মারুফ জামান-এর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে। কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী তাদের স্বাগত জানান এবং কমিশনের চলমান কার্যক্রম ও অগ্রগতির বিষয়ে প্রতিনিধি দলকে অবহিত করেন।
সাক্ষাতে ইউভিইডি প্রতিনিধি দল কমিশনকে জানায়, হস্তান্তর করা তালিকায় থাকা ২০০ ব্যক্তি এখনো গুম অবস্থায় রয়েছেন। তাদের বর্তমান অবস্থান শনাক্ত এবং পরিবারের কাছে তথ্য জানাতে কমিশনের সহযোগিতা চাওয়া হয়। একইসঙ্গে গুম থেকে ফিরে আসা ব্যক্তিদের ও তাদের পরিবারের প্রতি রাষ্ট্রের দায়িত্ব ও সহায়তা নিয়েও আলোচনা হয়।
বৈঠকে ক্ষতিপূরণ, আর্থসামাজিক পুনর্বাসন, বিচারিক উদ্যোগ গ্রহণ এবং গুম প্রতিরোধে কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী প্রতিনিধি দলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং কমিশনের পক্ষ থেকে বিদ্যমান আইনি কাঠামোর মধ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠকে কমিশনের সদস্য নুর খান, মো. সাজ্জাদ হোসেন এবং ড. নাবিলা ইদ্রিস উপস্থিত ছিলেন।