সাভারে সরকারি খাস জমি উদ্ধারের নোটিশ দিতে গিয়ে ভূমিদস্যুদের হামলার শিকার হয়েছেন ভূমি অফিসের কর্মকর্তারা। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর আলম নামে এক কর্মকর্তাকে সাভার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) দুপুরে সাভারের ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসি কলাতিয়াপাড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত জাহাঙ্গীর আলম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বিনুটিয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে। তিনি সাভার উপজেলা ভূমি অফিসের আওতাধীন রাজফুলবাড়িয়া তহশিলের ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
ভূমি অফিসের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় একটি মহল সরকারি জমি দখল করে ভোগদখল করে আসছিল। হাইকোর্টের নির্দেশে সেই জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ দিতে যান ভূমি অফিসের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী। এসময় সেখানে দখলদাররা হঠাৎ ‘মব’ তৈরি করে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে অন্যরা দৌঁড়ে নিরাপদ দুরুত্বে চলে গেলেও ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে ধরে তার মাথায় ইট দিয়ে আঘাত করা হয়। এছাড়া আকাশ নামে আরও একজনকে গণপিটুনি দেয়।
পরে অজ্ঞান অবস্থায় স্থানীয়রা জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মিরাজুর রেহান পাভেল জানান, আহত ভূমি কর্মকর্তার অবস্থা গুরুতর। তার সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে নিউরো আইসিইউতে ভর্তি করা হয়েছে।
‘মব’ তৈরি করে সরকারি কর্মকর্তাদের উপর হামলার ঘটনায় স্থানীয় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে হামলার ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করে সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম বলেন, এ হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভূমিদস্যুদের বিরুদ্ধে অভিযান চলবে।