অনিয়মের শেষ নেই ‘আরোগ্য ক্লিনিকে’, অপারেশন থিয়েটার সিলগালা

রংপুর নগরীর ‘আরোগ্য ক্লিনিকে’ শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে অভিযান পরিচালনা করেছে স্বাস্থ্য বিভাগ। এসময় এই হাসপাতালকে ঘিরে উঠে আসে ব্যাপক অনিয়মের চিত্র। অভিযানে হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বুধবার (৯ জুলাই) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান মিশুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আখতারুজ্জামানসহ পুলিশ সদস্যরা।

অভিযানে ক্লিনিকের লাইসেন্স নবায়ন না থাকা, ২০ শয্যার অনুমোদন নিয়ে ৩৫ থেকে ৪০ শয্যায় চিকিৎসা চালানো, অপরিষ্কার অপারেশন থিয়েটার, অপারেশন থিয়েটারে জরুরি ঔষধপত্র ও যন্ত্রাংশ না থাকাসহ নানা অভিযোগে অপারেশন থিয়েটার সিলগালা করা হয়। সেই সঙ্গে কর্তৃপক্ষকে এক লাখ টাকা অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান মিশু বলেন, আমরা অপারেশন থিয়েটার সিলগালা করেছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ক্লিনিকে কোনো অপারেশন হবে না। সেই সঙ্গে অনিয়মের অভিযোগে কর্তৃপক্ষকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আখতারুজ্জামান বলেন, আমরা নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে ক্লিনিকটি পরিদর্শন করেছি। এখানে কোনো প্রকার লাইসেন্স পাইনি। ওটি অপরিষ্কার, প্রপার ড্রাগ নেই ও নানা অব্যবস্থাপনা রয়েছে। অপারেশনের সময় চিকিৎসকের কোনো সহকারী ছিল না। এখানে পোস্ট অপারেটিভ ওয়ার্ড, লেবার ওয়ার্ড নেই। যে শিশুটির মৃত্যু হয়েছে তার অপারেশন ও অ্যানেসথেসিয়া যে চিকিৎসক করেছে আমরা তার পরিচয় জানতে পেরেছি। তাদের চিঠি দেওয়া হবে। দোষ পরিলক্ষিত হলে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দাখিল করবো। 

এর আগে গত ৪ জুলাই গরীর টার্মিনালস্থ আরোগ্য ক্লিনিকে অপারেশনের জন্য ভর্তি হন বদরগঞ্জ উপজেলার লালদিঘীর জমির উদ্দিনের মেয়ে জুইমনি (১২)। মঙ্গলবার রাতে অপারেশনের সময় ওই শিশুর মৃত্যু হয়। পরিবারের সদস্যরা রাস্তায় মরদেহ রেখে আহাজারী করছে এমন খবরে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে।