মিঠাপুকুরের রানীপুকুর স্কুল এন্ড কলেজে শ্রেণিকক্ষ পাঠদানের অনুপযোগী থাকার অভিযোগে ক্লাস বর্জন শুরু করেছেন শিক্ষকরা। ৪দিন থেকে একটানা কলেজ শাখার ক্লাস বর্জনের কারণে প্রতিষ্ঠানটিতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
গত শনিবার দুপুর থেকে শুরু হয় কলেজ শাখার শিক্ষকদের এই ক্লাস বর্জন কর্মসূচী। একটানা চারদিন পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। কয়েকজন শিক্ষার্থী জানায়, শনিবার দুপুর থেকে কোন ক্লাস হচ্ছে না। এ কারণে কলেজে এসেও ফিরে যেতে হচ্ছে। এভাবে ক্লাস বন্ধ থাকলে পড়াশোনার অনেক ক্ষতি হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, কাউকে না জানিয়ে নিজের ইচ্ছামত কলেজ শাখার অফিস ও শ্রেণিকক্ষ নতুন ভবন থেকে পুরাতন ভবনে স্থানান্তর করা হয়েছে। শ্রেণিকক্ষগুলো পাঠদানের উপযোগী না হওয়ায় ক্লাস বর্জন করা হয়েছে। বারবার বলার পরও প্রতিষ্ঠান প্রধান কোন কর্ণপাত করছেন না।
আরও পড়ুন: খুলনায় ১১দফা দাবিতে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট
এ ব্যাপারে রানীপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহেল কাফি বলেন, প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষের সংকট রয়েছে। এখানে রুমের দরকার ২৪টি। কিন্তু পাঠদানের জন্য রয়েছে ২১টি। এ কারণে সাময়িকভাবে সমস্যা হয়েছিল। তবে, সমস্যার সমাধান হয়েছে বলেও দাবি করেন তিনি।
ইত্তেফাক/নূহু