উত্তাল বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ৩ জেলে

বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ আর হঠাৎ ঝড়ের কবলে পড়ে ডুবে গেছে একটি মাছ ধরার ট্রলার। পাথরঘাটা উপকূল থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে মঙ্গলবার (৮ জুলাই) রাতে এ দুর্ঘটনার শিকার হয় ‘এফবি সাইকুল’ নামের ট্রলারটি।

ট্রলারটিতে থাকা ১২ জন জেলের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা গেলেও ৪৪ ঘণ্টা পার হয়ে যাওয়ার পরও নিখোঁজ রয়েছেন তিন জেলে। তাদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান, তবে উত্তাল সাগরের কারণে সংশ্লিষ্টরা মনে করছেন, হয়তো গভীর সাগরেই তারা চিরতরে বিলীন হয়ে গেছেন।

নিখোঁজ জেলেরা হলেন—পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা আবাসনের কবির হিয়ালী (৪৫), সোহাগ (৩০) এবং কাঠালতলী ইউনিয়নের গোপাল চন্দ্র (৪০)।

স্থানীয়রা জানান, এদের মধ্যে কেউ পরিবারের একমাত্র উপার্জনকারী, কেউ আবার সদ্য বিয়ে করে সংসার শুরু করেছিলেন—এখন তাদের খোঁজ না মেলায় পরিবারগুলোয় নেমে এসেছে শোকের ছায়া।

জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, সেদিন জেলেরা গভীর সাগরে জাল ফেলে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ প্রবল ঝড় উঠলে ট্রলারটি ডুবে যায়। পাশ্ববর্তী একটি ট্রলার থেকে ৯ জনকে ভাসমান অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও ৩ জনের আর কোনো খোঁজ মেলেনি। তার ভাষায়, ‘বৈরী আবহাওয়ায় সমুদ্র খুবই উত্তাল। কী ঘটেছে, কেউই নিশ্চিত করে বলতে পারছে না।’

ট্রলার মালিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১০ জুলাই) বিকাল পর্যন্ত কোস্টগার্ড, নৌবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্ধার অভিযান চলেছে। তবে সাগরের অবস্থার কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে।

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই উপকূলীয় এলাকায় বইছে শোকের মাতম। নিখোঁজ জেলেদের স্বজনরা ট্রলার ঘাটে ঘাটে ভিড় করছেন আশায়—হয়তো কোনোভাবে ফিরবেন তাঁদের প্রিয়জনেরা। কিন্তু সময় যত গড়াচ্ছে, ফিরে পাওয়ার সেই আশাও যেন ধীরে ধীরে নিভে যাচ্ছে।