গাজায় নিহতের সংখ্যা বাড়ছেই, ভোর থেকে ৬৩ ফিলিস্তিনিকে হত্যা

ইসরায়েলি হামলায় গাজা উপত্যকার নিহতের সংখ্যা বড়েই চলছে। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজ বৃহস্পতিবার ভোর থেকে অঞ্চলটিতে কমপক্ষে ৬৩ জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৮২ জন ফিলিস্তিনি নিহত এবং ২৪৭ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে ৯ জন ত্রাণের খোঁজে বের হয়েছিলেন। এর ফলে ২৭ মে মার্কিন-ইসরায়েলি ত্রাণ কার্যক্রম শুরুর পর ত্রাণকেন্দ্রে নিহতের মোট সংখ্যা ৭৮২ জনে দাঁড়িয়েছে।

চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানায়, একটি হামলায় কেন্দ্রীয় শহর দেইর এল-বালাহে নিহত ১৫ জনের মধ্যে কমপক্ষে ১০ শিশু এবং তিন জন নারী রয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধে মোট ৫৭ হাজার ৭৬২ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৩৭ হাজার ৬৫৬ জন আহত হয়েছে।