শীতলক্ষ্যায় কচুরিপানার সঙ্গে ভেসে এলো অজ্ঞাত পুরুষের কঙ্কাল

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে কচুরিপানার ভেতর ভেসে আসা অজ্ঞাত পরিচয়ের এক পুরুষের মানব কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোমবাজার এলাকার একটি খেলার মাঠসংলগ্ন নদীপাড়ে স্থানীয়রা কঙ্কালটি প্রথম দেখতে পান।

প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে কচুরিপানার ভেতর হাড়গোড় সদৃশ কিছু দেখতে পেয়ে তারা তৎক্ষণাৎ থানায় খবর দেন। পরে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিশ্চিত হয় এটি একটি মানব কঙ্কাল। এরপর টঙ্গী নৌ পুলিশকে বিষয়টি জানানো হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, উদ্ধার করা কঙ্কালের উপরের অংশে কোনো মাংস নেই, শুধু হাড় রয়েছে। এ কারণে বয়স নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে নিচের অংশে একটি ছাপা লুঙ্গি থাকায় এটি পুরুষের কঙ্কাল বলে নিশ্চিত হওয়া গেছে।

তিনি আরও বলেন, স্থানীয়রা দ্রুত পুলিশকে জানানোয় আমরা দ্রুত ব্যবস্থা নিতে পেরেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কঙ্কালটি ১৫ থেকে ২০ দিন আগের এবং কোনো দূরবর্তী এলাকা থেকে কচুরিপানার সঙ্গে ভেসে এসেছে। বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে আমরা দেশের সব থানায় বার্তা পাঠানোর উদ্যোগ নিচ্ছি।

টঙ্গী নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান জানান, কালীগঞ্জ থানা থেকে আমাদের বিষয়টি জানানো হয়েছে। আমরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছি। মরদেহটি উদ্ধার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।