চার দল নিয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্ট আজ থেকে পর্দা তুলছে ঢাকায়। এবারের আসরে ভারত না থাকায় বিগত আসরগুলোর পরিসংখ্যান ও শক্তি সামর্থ্যের পাশাপাশি সম্প্রতি সময়ে মিয়ানমারে দলের ঐতিহাসিক অর্জন বিবেচনায় বাংলাদেশকেই ফেভারিট হিসেবে মানছে অংশগ্রহণকারী দল শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান।
গতকাল টুর্নামেন্ট শুরুর আগে আয়েজিত সংবাদ সম্মেলনে অংশ নেওয়া তিন দেশের কোচই বাংলাদেশ দলকে টুর্নামেন্টের প্রধান ফেভারিট দল হিসেবে তুলে ধরে। যাদি প্রতিপক্ষদের প্রশংসায় গা ভাসাচ্ছে না স্বাগতিকরা। লাল-সবুজের ইংলিশ কোচ পিটার বাটলার এবং অধিনায়ক আফঈদা খন্দকার জানিয়েছেন তারা প্রতিপক্ষকে নিয়ে বেশ সতর্ক অবস্থানেই রয়েছেন, কাউকে খাটো করে দেখছেন না।
চলতি সপ্তাহেই মিয়ানমারে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় নারী দলের ফুটবলাররা। সেই কৃতিত্বে ভাসছেন স্বাগতিক মেয়েরা। ঐ দলের ৯ জন ফুটবলার এবার অংশ নিচ্ছে ঘরের মাঠে অনুর্ধ্ব ২০ সাফ চ্যাম্পিয়নশিপে। আর এই দলের নেতৃত্বেও রয়েছেন জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার।
আজ থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য নিজের প্রস্তুতি নিয়ে গতকাল বাংলাদেশের কোচ বাটলার বলেন, 'চারটি টুর্নামেন্ট লক্ষ্য করে আমদের আসলে একসঙ্গে তিনটি প্রোগ্রাম চালাতে হচ্ছে। অনূর্ধ্ব-১৭, অনুর্ধ্ব-২০ এবং সিনিয়র জাতীয় দলের খেলোয়াড়দের একত্রে নিয়ে একটি মিশ্রণ গঠন করেছি। মিয়ানমার থেকে ফেরার পর থেকে আমরা মূলত খেলোয়াড়দের পা মাটিতে ফিরিয়ে আনতে এবং বিনয়ী ভাব আনতে কাজ করেছি। আরও গুরুত্বপূর্ণ হলো শৃঙ্খলাবদ্ধ থেকে টুর্নামেন্টের প্রতি মনোযোগ দিচ্ছি। আমার চোখে খেলোয়াড় গড়ে তোলার জন্য এটি দারুণ একটি টুর্নামেন্ট, তরুণ খেলোয়াড়দের জাত চেনানোর দারুণ এক সুযোগ। তাই আমি মুখিয়ে আছি, তারা কী করতে পারে এটা দেখতে। অবশ্যই আমরা কাউকে হালকাভাবে নিচ্ছি না, সবাইকে সম্মান করছি। জানি সহজ হবে না।'
স্বাগতিক অধিনায়ক আফঈদাও কোচের সঙ্গেই তাল মিলিয়েছেন। টুর্নামেন্টে নিজেদের প্রতিপক্ষকে সমীহ করে বলেন, 'আমার কাছে মনে হয় তিনটা দলই ভালো। প্রত্যেক দলের সঙ্গে আমাদের ভালোভাবে খেলতে হবে। কাউকে দুর্বল ভেবে ছোট করে দেখার কিছু নেই। আমরা তিনটি দলের সঙ্গে লড়াই করবো, ভালো খেলবো। ইনশা আল্লাহ জিতবো।'
এ সময় নিজেদের প্রস্তুতি নিয়ে লাল-সবুজের অধিনায়ক আরও বলেন, 'আমাদের প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো। খুব বেশি সময় পায়নি মিয়ানমারে এশিয়ান কাপ বাছাই খেলতে যাওয়ার কারণে। তার পরও আমরা যতটুকু সময় পেয়েছি, কোচ যেভাবে বলেছে সেভাবে প্রস্তুতি নিয়েছি। আজ সকালেও আমরা অনুশীলন করেছি সবাই একসঙ্গে। আলহামদুলিল্লাহ, ভালো আমাদের প্রস্তুতি।'
এর আগে ভুটান, শ্রীলঙ্কা ও নেপালের কোচেরা সরাসরিভাবে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্য ও শক্তিমত্তার প্রশংসা করেন। ভুটানের কোচ থানকা মায়া' ঘ্যাদি সম্মেলনের শুরুতে বাংলাদেশকে অভিনন্দন জানান এশিয়া কাপে প্রথমবারের মতো জায়গা করে নেওয়ায়। লঙ্কান কোচ শ্রীনাথা কুমারা সরাসরি বাংলাদেশকে এই টুর্নামেন্টের ফেভারিট ও শিরোপার দাবিদার হিসেবে আখ্যায়িত করেছেন। সফরকারী তিন দলের মধ্যে নেপালই শুধু শিরোপার আশা ব্যক্ত করলেও বাংলাদেশের প্রতি সমীহ প্রকাশ করেছেন কোচ ইয়াম প্রসাদ গুরুং। সব মিলিয়ে বাংলাদেশ পরিষ্কার ফেভারিট।
টুর্নামেন্টে আজ উদ্বোধনী ম্যাচে আফঈদারা মাঠে নামবেন শ্রীলঙ্কার বিপক্ষে। কাগজে কলমে শক্তি-সামর্থ্যে তারা কমশক্তির প্রতিপক্ষ। তবে লঙ্কানরা সেইসব নিয়ে ভাবছে না। নিজেদের শতভাগ দিয়েই বর্তমান চ্যাম্পিয়নদের রুখে দিয়ে মিশন শুরু করায় মনোযোগ তাদের এ নিয়ে লঙ্কান দলের কেচ শিরস্থ কুমারা বলেন, 'বাংলাদেশ দল অনেক শক্তিশালী। তবে আমরা আমাদের খেলন্টাই আগামীকাল (আজ) খেলব। সব শেষ বিশ্বকাপে (কাতার) কিন্তু সৌদি আরবও আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল। তো এটা ফুটবল অনেক কিছুই হতে পারে। তো আমি বলবো, আমরা এই ম্যাচের জন্য প্রস্তুত।'