খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. হাফিজুর রহমান (৫৮) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তিনি বাগেরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রধান সহকারী হিসেবে কর্মরত।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ১০টার দিকে নগরীর আহসান আহমেদ রোডে ল কলেজের সামনে এ ঘটনা ঘটে। হাফিজুর রহমান বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরীর আহসান আহমেদ রোডের ল কলেজের সামনে একটি ফুচকার দোকান ও কাঠ গোলার মাঝামাঝি অবস্থান করছিলেন। এ সময় দুই যুবক ক্ষুর দিয়ে তার শরীরের পেছনে কয়েকটি পোচ দেয়। তার চিৎকারে পথচারীরা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাদের খোঁজ পাওয়া যায়নি।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, আহত হাফিজুর রহমান বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ের প্রধান সহকারী হিসেবে কর্মরত আছেন। আমরা তদন্ত করে ঘটনার কারণ উদঘাটনের চেষ্টা করছি।