জনপ্রিয় নির্মাতা ফেরদৌস হাসান আসছে ঈদের জন্য নির্মাণ করলেন একখণ্ডের নাটক ‘বালিশ বিলাস’। এতে জুটি হয়ে অভিনয় করেছেন ছোটপর্দার গুণী অভিনেত্রী সুমাইয়া শিমু ও চিত্রনায়ক ইমন। রোমান্টিক, পারিবারিক, সামাজিক গল্পের এই নাটকের শুটিং এরমধ্যে রাজধানীর উত্তরায় বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত দুই অভিনয় শিল্পী দিলারা জামান, আবুল হায়াতসহ স্নিগ্ধা শ্রাবণ। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সুমাইয়া শিমু বলেন, ‘ফেরদৌস হাসান রানা ভাইয়ের নির্দেশনায় আমি আমার অভিনয় জীবনের শুরু থেকে এখন পর্যন্ত অনেক নাটকে কাজ করেছি। তাঁর লেখা আমি ভীষণ পছন্দ করি। বিশেষ করে তাঁর লেখা সংলাপ এক কথায় অনন্য। তাঁর নাটকের একেকটি দৃশ্যই যেন একেকটি গল্প। সবচেয়ে বড় কথা, তাঁর নাটকের গল্প, সংলাপের সঙ্গে দর্শক নিজেকে সম্পৃক্ত করতে পারেন, নিজেকে নিয়ে ভাবতে পারেন। এটা অনেক বড় সফলতা।’ ইমন বলেন, ‘ফেরদৌস হাসান ভাইয়ের নির্দেশনায় এর আগেও শিমুর সঙ্গে নাটকে অভিনয় করেছি। তবে আগের নাটকগুলোর গল্প বেশ সিরিয়াস ছিল। এবারের নাটকের গল্প রোমান্টিক ও পারিবারিক ঘরানার। যেহেতু আগে তিন-চারটি নাটকে কাজ করেছি শিমুর সঙ্গে। এ কারণে তাঁর সঙ্গে কাজের বোঝাপড়াটা বেশ ভালো আমার। দুজনই বেশ স্বাচ্ছন্দ্য নিয়েই কাজ করি। আর ফেরদৌস হাসান ভাই এদেশের প্রখ্যাত একজন নাট্যকার ও পরিচালক। তাঁর নাটকে কাজ করার জন্য শিল্পীরা সবসময়ই আগ্রহ প্রকাশ করেন। তিনি অনেক যত্ন নিয়ে নির্মাণ করেন। তাঁর নির্দেশনায় কাজ করতে হলে স্ক্রিপ্ট বেশ ভালোভাবে পড়ে তারপর কাজ করতে হয়। একজন শিল্পী এমন নির্মাতার নির্দেশনায় কাজ করতে পারার মধ্যদিয়ে নিজেকে অভিনয়ে আরো সমৃদ্ধ করতে পারেন।’ ফেরদৌস হাসানের নির্দেশনায় শিমু ও ইমন ‘লাল পলাশের ফুল’, ‘স্বরে অ’, ‘সেলফি’ নাটকে অভিনয় করেছিলেন। ‘বালিশ বিলাস’ নাটকটি আগামী ঈদে চ্যানেল আইতে প্রচারিত হবে।