সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করাই আমাদের দায়িত্ব: পরিকল্পনা উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হবে একটি সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করে যাওয়া—এমন মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

শুক্রবার (১১ জুলাই) রাজধানীতে নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স অব বাংলাদেশ (এনবিএ)-এর বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক সন্ধ্যায় বক্তৃতাকালে এ কথা বলেন তিনি।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকার আগামী ৭-৮ মাস দায়িত্বে থাকবে। এই সময়ের মধ্যে আমাদের কাজ হবে এমন একটি শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেখানে গণতন্ত্র ও সুশাসন থাকবে।’

গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে তিনি বলেন, ‘আমরা চাই না এমন কোনো সংবাদ প্রচার হোক, যা সংবাদকর্মীদের ইচ্ছার বিরুদ্ধে যায়। আমরা নিশ্চিত করতে চাই যেন আর কখনও ফ্যাসিবাদীদের দেয়া সংবাদ পাঠ করতে না হয়।’

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ এখন ভোটাধিকার প্রয়োগের জন্য প্রস্তুত। শেখ হাসিনার ক্ষমতা থেকে সরে যাওয়ার পর মানুষের মানসিকতায় এক বড় পরিবর্তন এসেছে। এই পরিবর্তন যারা ধরতে পারবে না, জনগণ তাদের হাতে মালিকানা দেবে না।’

তিনি আরও বলেন, ‘রাজনীতি থেকে সমাজের সব স্তরেই ভিন্নমত থাকবে। কিন্তু ভিন্নমতের প্রতি শ্রদ্ধা না থাকলে কোনো সংস্কারই টিকবে না। নির্বাচিত সরকারকে জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে। আর এই দায়বদ্ধতা নিশ্চিত করতে গণমাধ্যমকে পরিবর্তনের পথে হাঁটতে হবে।’