গত ঈদে কয়েকটি নাটকে কাজ করলেও এবার কোরবানির ঈদ উপলক্ষে এখন পর্যন্ত একটি মাত্র নাটকেই অভিনয় করেছেন পিয়া বিপাশা। মাকসুদুর রহমান বিশালের পরিচালনায় পিয়া বিপাশা ‘অপেক্ষা’ নামের নাটকের কাজ শেষ করেছেন। জুলাই মাসের প্রথম সপ্তাহে কক্সবাজারে এই নাটকের শুটিংয়ে অংশ নেন পিয়া। এতে তাঁর বিপরীতে আছেন বড় ও ছোটপর্দার নিয়মিত অভিনেতা ইমন। আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া মিম। আগামী ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের জন্য নির্মিত হয়েছে ‘অপেক্ষা’ নাটকটি। এরপর নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে পিয়া বিপাশা বলেন, ‘এর আগেও মাকসুদুর রহমান বিশালের নির্দেশনায় একটি নাটকে অভিনয় করেছিলাম। অপেক্ষা তার নির্দেশনায় আমার দ্বিতীয় কাজ। ‘অপেক্ষা’ নাটকের গল্পটা অসাধারণ। গল্পের কারণেই নির্মাতা কক্সবাজারে নাটকটির দৃশ্যায়ণ করেছেন। বিশাল ভাই খুব চুপচাপ কিন্তু বিচক্ষণ একজন নির্মাতা। গুছিয়ে কাজ করেন বিধায়ই তার অপেক্ষা নাটকটি নিয়ে আমি খুবই আশাবাদী। আশা করছি দর্শক কাজটি উপভোগ করবেন।’ এর আগে বিশালের নির্দেশনায় পিয়া ইমনের বিপরীতে ‘কাচ সমুদ্র’ নাটকে অভিনয় করেছিলেন। পিয়া বিপাশা বিজ্ঞাপনেও নিয়মিত মডেল হিসেবে কাজ করছেন। সর্বশেষ তিনি ‘প্রাণ লাচ্ছি’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। আদিল হোসেন নোবেলের সঙ্গে তিনি রানা মাসুদের নির্দেশনায় একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন। ‘একজন মডেল হিসেবে এটাই ছিল তাঁর বড় প্রাপ্তি,’ বললেন পিয়া বিপাশা। কারণ একজন মডেল হিসেবেই মিডিয়াতে তাঁর যাত্রা শুরু। পোলার আইসক্রিমের বিজ্ঞাপনে তিনি প্রথম মডেল হন। এরপর গ্রামীণ ফোন, ইস্পাহানি চা, প্যারাসুট নারিকেল তেল, ফ্রুটো ম্যাংগো জুসসহ আরো অনেক জনপ্রিয় বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেন। মাসুদুল হাসানের নির্দেশনায় তাহসানের বিপরীতে প্রথম পিয়া বিপাশা টিভি নাটকে অভিনয় করেন। নাটকের নাম ছিলো ‘দ্বিতীয় মাত্রা’। অপূর্বের বিপরীতে ‘বিহ্বল ভালোবাসা’, নিশোর বিপরীতে ‘দূরত্ব বজায় রাখুন’, রিয়াজের বিপরীতে ‘প্রেমিকা’, চঞ্চল চৌধুরীর বিপরীতে ‘একটি পারিবারিক প্রেম কাহিনি’, জাহিদ হাসানের বিপরীতে ‘আমি বিবাহ করিব না’সহ অসংখ্য নাটকে অভিনয় করেছেন। আতিক জামানের ‘এনিভারসারি’, শুভাশীষ রায়ের ‘কাটুস কুটুস’, সঞ্জয় সমাদ্দারের ‘ঝরের পড়ে’, মোস্তফা কামাল রাজের ‘ডায়েরি’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন পিয়া। গত ২০ জুলাই থেকে পিয়া বিপাশা তার নতুন সিনেমা ‘জিন’-এর কাজ শুরু করেছেন।