চট্টগ্রামে দখল-চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

দখল ও চাঁদাবাজির অভিযোগে গঠিত তদন্ত দলের সুপারিশের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর যুবদলের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক ওরফে বাদশাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে যুবদল।

শনিবার (১২ জুলাই) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম এ বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, এমদাদুল হক ওরফে বাদশার প্রাথমিক সদস্যপদ বাতিল করে তাকে সব পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায় দল নেবে না। তাদের সঙ্গে যুবদলের নেতা–কর্মীদের সাংগঠনিক কোনো সম্পর্ক না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। এ ছাড়া ভবিষ্যতে এমদাদুল হক দলীয় পরিচয় ব্যবহার করে বেআইনি কোনো কর্মকাণ্ডে জড়িত হলে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

এ ব্যাপারে বহিষ্কৃত যুবদল নেতা এমদাদুল হক বলেন, ‘আমি চাঁদাবাজি কিংবা কোনো দখলবাজির সঙ্গে জড়িত না। দল থেকে কেন বহিষ্কার করা হয়েছে, বুঝতে পারছি না।’