তিনযুগে মহাকাল নাট্য সম্প্রদায়

মহাকাল নাট্য সম্প্রদায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, সম্মিলিত সাংস্কৃৃতিক জোট ও বাংলাদেশ পথ নাটক পরিষদের অন্তর্ভুক্ত অন্যতম সক্রিয় নাট্যদল। মহাকাল বাঙালির হাজার বছরের সংস্কৃতির প্রতি অবিচল আনুগত্যে স্থির থেকে ১৯৮৩ সাল থেকে নিয়মিত নাট্যচর্চারত সংগঠন হিসেবে নিজেদের অবস্থানকে সুদৃঢ় করেছে। প্রতিষ্ঠার পর থেকে অবিরাম নাট্যচর্চায় মহাকাল ৪০টি নাট্য প্রযোজনা মঞ্চে এনেছে ও ইতোমধ্যে নাটকগুলোর ১০২৬টি প্রদর্শনী সম্পন্ন করেছে এবং ২টি নাট্য প্রযোজনার শতাধিক এবং ১টি নাট্য প্রযোজনার দেড়শতাধিক মঞ্চায়ন সম্পন্ন হয়েছে। মঞ্চে ৪টি প্রযোজনা নিয়মিতভাবে মঞ্চায়ন অব্যাহত রেখেছে। জন্মলগ্ন থেকেই মহাকালের অভিপ্রায় ছিল রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক নানারকম সাম্প্রতিক সংকট উপজীব্য নাট্য প্রযোজনা মঞ্চে নিয়ে আসা। সংগ্রামী নারী আসমানী থেকে আরম্ভ করে মুক্তিযুদ্ধের বিস্তৃত ক্যানভাস, গীতিকার নারী, তাঁত শিল্পের কারিগর, প্রান্তিক জনমানুষ, লিঙ্গ প্রতিবন্ধী, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জঙ্গিবাদের মতো বিষয় ও নানামাত্রিক চরিত্র উঠে এসেছে মহাকালের নাট্য আয়োজনে। গত ১৪ জুলাই মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠার তিনযুগ পূর্তি হয়। এ উপলক্ষে গত ১৯ জুলাই মহাকাল নাট্য সম্প্রদায় জাতীয় নাট্যশালার মূল হলে আয়োজন করেছিল সম্মানিত উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মাননা প্রদান, প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা। এছাড়া দলের নতুন প্রযোজনা মহাপ্রয়াণের শোক আখ্যান ‘শ্রাবণ ট্র্যাজেডি’ মঞ্চস্থ করে। ২০ জুলাই ‘শ্রাবণ ট্র্যাজেডি’র ১৪তম মঞ্চায়ন হয় মূল হলে। ১৯ জুলাই সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠার তিন যুগ পূর্তি আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব ম. হামিদ এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল নাট্যজন কামাল বায়েজীদ। অনুষ্ঠান সঞ্চালন করেন মহাকাল নাট্য সম্প্রদায়ের ঊর্ধ্বতন সদস্য মীর নাহিদ আহসান, স্বাগত বক্তব্য রাখেন তিনযুগ পূর্তি উদযাপন পরিষদের আহ্বায়ক কবীর আহামেদ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন মহাকাল নাট্য সম্প্রদায়ের সভাপতি মীর জাহিদ হাসান। সভাপতিত্ব করেন মহাকাল নাট্য সম্প্রদায়ের সাবেক সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। প্রথমেই প্রধান অতিথি এইচ টি ইমাম মহাকালের তিনযুগ পূর্তির কেক কাটেন সকল অতিথি ও সদস্যদের নিয়ে। সম্মাননা দেওয়া হয় দলের উপদেষ্টা ড. মো. তাজুল ইসলাম, হাবিবুর রহমান ভূঁইয়া ও জাকেরুল আবেদীন এবং প্রতিষ্ঠাতা সদস্য মীর জাহিদ হাসান, আলমগীর হাসান, আফজাল হোসেন, কবির আহামেদ, হাসান মনসুর ফারুক, সাইদ হাসান রাজা, মুনীর হাসান, আবদুস সামাদ হাদী, মুজিবুল হক জাহাঙ্গীর, সেলিনা আহমেদ ডেইজী, নুরুল ইসলাম শাহেদ, ওয়াহিদুল আজাদ, এম এ আজাদ ও মো. শাহনেওয়াজকে।মহাকালের পতাকা হাতে নিয়ে ছুটে চলেছে অগণিত মুখ, সে মুখে আগুনের স্ফূলিঙ্গ। সেই গ্রাম থেকে কবে শহরে এসে নগর জীবনের অশুভ হাতছানিকে উপেক্ষা করে মনোযোগী হয়েছে শিল্পসৃষ্টিতে। আর তাঁদের আয়োজনের শেষ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আনন জামান রচিত ও ঢাকা বিশ্বাবদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফর্মেন্স স্টাডিস বিভাগের সহকারী অধ্যাপক আশিক রহমান লিয়নের পরিকল্পনা ও নির্দেশনায় ‘শ্রাবণ ট্র্যাজেডি’ নাটকের মঞ্চায়নের মধ্যে দিয়ে। মহাকাল নাট্য সম্প্রদায় কালে কালে বাংলা নাট্যের উত্তরোত্তর উন্নয়নে মুখ্য ভূমিকা রাখুক। শুভ হোক তাদের নিরন্তর পথচলা।