নওগাঁর নিয়ামতপুরে নিখোঁজ নাতি সাব্বির রহমানের (১৫) মরদেহ পুকুরে ভাসতে দেখে হঠাৎ স্ট্রোকে দাদার মৃত্যু হয়েছে।
শনিবার (১২ জুলাই) সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের নাকইল গ্রামে এ ঘটনা ঘটে। সাব্বির রহমানের দাদার নাম আছির উদ্দিন (৫৫)। একই সময়ে নাতি ও দাদার মুত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাব্বির রহমান শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে যান। রাতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও সাব্বিরের সন্ধান পায়নি। শনিবার সকালে বাড়ির পাশে পুকুর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলেন সাব্বিরের দাদা। হঠাৎ তার নজরে আসে পানিতে ভাসছে নাতির মরদেহ। তিনি চিৎকারে দিলে আশেপাশের লোকজন ছুটে এসে দেখেন, তিনিও মাটিতে লুটে পড়েছেন। তাকে স্থানীয় গ্রাম চিকিৎসকের কাছে নেওয়ার হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নাতি সাব্বিরের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত (ওসি) হাবিবুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।