লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের সমর্থনে বিক্ষোভ, পুলিশের ধরপাকড়

যুক্তরাজ্যে সম্প্রতি নিষিদ্ধ করা ফিলিস্তিনপন্থী 'প্যালেস্টাইন অ্যাকশন' গ্রুপের সমর্থনে শনিবার (১২ জুলাই) লন্ডনে একটি বিক্ষোভে ধরপাকড় চালিয়েছে দেশটির পুলিশ বাহিনী।

আল জাজিরা জনিয়েছে, সন্ত্রাসবাদ আইনের অধীনে নিষিদ্ধ করার পর সংগঠনটির সমর্থনে টানা দ্বিতীয় শনিবার মধ্য লন্ডনে বিক্ষোভকারীরা জড়ো হয়।

জানা গেছে, দলটিকে সমর্থন করাও এখন একটি ফৌজদারি অপরাধ। এ দলের পক্ষে অবস্থান নিলে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এক্স-পোস্টে বলেছে, তাদের কর্মকর্তারা 'প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থনে একটি প্রতিবাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন' এবং 'গ্রেপ্তার প্রক্রিয়াধীন'।

পুলিশ এর আগে একটি সতর্কতাও পোস্ট করেছিল। পোস্টে বলা হয়, প্যালেস্টাইন অ্যাকশনের প্রতি সমর্থন প্রদর্শনকারী যে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গত শনিবার মধ্য লন্ডনে পুলিশ একই গ্রুপের সমর্থনে রাস্তায় নেমে আসা ২৯ জনকে গ্রেপ্তার করেছে। তারা প্ল্যাকার্ড বহন করেছিল, যাতে লেখা- 'আমি গণহত্যার বিরোধিতা করি, আমি ফিলিস্তিন অ্যাকশনকে সমর্থন করি'।