রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে তিনদিনের জন্য বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন। ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে নেওয়া এ সিদ্ধান্ত কার্যকর হবে রোববার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে বুধবার সকাল ৯টা পর্যন্ত। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
প্রতি বছরের মতো এবারও ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ে পালিত হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের শাহাদাৎবার্ষিকী এবং ‘জুলাই শহীদ দিবস’। এ উপলক্ষে ক্যাম্পাসে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠান নির্বিঘ্ন করতে কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাই পরিচয়পত্র প্রদর্শন করে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন। যারা এখনো আইডি কার্ড পাননি, বিশেষ করে নবীন শিক্ষার্থীরা, তাদের জন্য বিভাগীয় প্রধানদের মাধ্যমে পৃথক নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, 'শহীদ দিবসটি আবেগ-ভিত্তিক ও ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দিন। সে বিবেচনায় অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতেই আমাদের এই প্রস্তুতি।'
জানা গেছে, দিনটি ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। দিনব্যাপী কর্মসূচিতে অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা। উপস্থিত থাকবেন শহীদ আবু সাঈদের বাবা এবং শহীদ পরিবারের আরও ২১ জন সদস্য। আয়োজনে অতিথিদের মধ্যে থাকবেন—আইন, শিক্ষা, পরিবেশ ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টারা। এ ছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ, ইউজিসি সদস্য ড. তানজীমউদ্দীন খান এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরসহ আরও অনেকে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানের সূচি অনুযায়ী, ১৬ জুলাই সকাল সাড়ে ৬টায় ক্যাম্পাস থেকে পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ার বাবনপুর গ্রামের উদ্দেশ্যে রওনা হবে শোকযাত্রা। সকাল সাড়ে ৭টায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর সকাল সোয়া ৯টায় বিশ্ববিদ্যালয়ে কালো ব্যাজ ধারণ ও শোক র্যালি অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শহীদ আবু সাঈদ তোরণ ও মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এরপর বিশ্ববিদ্যালয় সংলগ্ন শহীদ আবু সাঈদ চত্বরে স্মৃতিস্তম্ভ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন, আলোচনা সভা, বিকেলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিকেল শেষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন রয়েছে।
উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, 'এবারের শহীদ দিবসে শহীদ পরিবারের প্রতিনিধিসহ প্রায় ২৫ জন অতিথি উপস্থিত থাকবেন। উপদেষ্টা ও অতিথিদের জন্য মঞ্চ এবং নির্ধারিত আসনের বিশেষ ব্যবস্থা করা হয়েছে।'
প্রশাসনের পক্ষ থেকে আয়োজনে কোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের কথাও জানানো হয়েছে।