বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টার মামলায় রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম শুভকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) রাতে নগরীর সিও বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ইফতেখারুল ইসলাম শুভ মাহিগঞ্জ ধুমখাটিয়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্র ও জনতার ওপর হামলা এবং হত্যাচেষ্টার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় আহত মামুনুর রশিদ মামুন, জয়নাল আবেদীন বাপ্পী, রমজান আলী ও শহিদুল ইসলাম পৃথক চারটি মামলা করেছেন। এসব মামলায় শুভকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ওসি আরও জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ইফতেখারুল ইসলাম শুভ আত্মগোপনে ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।