ভূরুঙ্গামারীতে ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ড্রাম ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন- পাইকেরছড়া ইউনিয়নের অটোরিকশাচালক বানু মিয়া এবং রায়গঞ্জ ইউনিয়নের আনিকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে সোনাহাট থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা ভূরুঙ্গামারীর দিকে আসছিল। পথে ঘুন্টিঘর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই যাত্রী আনিকার মৃত্যু ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় চালক বানু মিয়াকে ভূরুঙ্গামারী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

আহতরা হলেন রতনপুর এলাকার আবু বকর সিদ্দিক, তার স্ত্রী মোর্শেদা বেগম এবং তার কন্যা ফাতেমা। তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে আরও একজন মারা গেছেন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।