ট্রাম্পের ‘৩০ শতাংশ শুল্ক’

ইউরোপীয় স্বার্থ রক্ষার আহ্বান ম্যাক্রোঁর, বাস্তবসম্মত সমাধান চায় জার্মানি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউরোপীয় ইউনিয়নের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার নিন্দা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি ‘দৃঢ়ভাবে ইউরোপীয় স্বার্থ রক্ষার’ জন্য ইইউ’র প্রতি আহ্বান জানান।

একই বিষয় নিয়ে জার্মানির অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের শুল্ক আলোচনায় 'বাস্তবসম্মত সমাধানের' আহ্বান জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার (১২ জুলাই) সতর্ক করে বলেছেন, ১ আগস্ট থেকে মেক্সিকো এবং ইইউর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। ফলে যুক্তরাষ্ট্রের দুটি বৃহত্তম বাণিজ্য অংশীদারের সঙ্গে ইতোমধ্যেই উত্তেজনাপূর্ণ আলোচনার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।

এএফপির প্রতিবেদন অনুসারে, জার্মান অর্থমন্ত্রী ক্যাথেরিনা রাইখে এক বিবৃতিতে বলেছেন, ইইউর এখন যে সময়টা বাকি আছে, তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাস্তবসম্মত সমাধানের জন্য আলোচনা করতে হবে এবং 
এই আলোচনার দ্রুত একটি বাস্তবসম্মত ফলাফল অর্জন করতে হবে।

এর আগে জার্মানির প্রধান শিল্পসংস্থা ফেডারেশন অব জার্মান ইন্ডাস্ট্রিজ (বিডিআই) দ্রুত সমাধানের আহ্বান জানায়। বিডিআই এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা দুই পাশের শিল্পখাতের জন্যই এক সতর্ক সংকেত।

যুক্তরাষ্ট্র হচ্ছে জার্মানির সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। গত সপ্তাহে প্রকাশিত সরকারি তথ্য অনুসারে, শুল্ক আরোপের সঙ্গে সঙ্গে মে মাসে যুক্তরাষ্ট্রে জার্মান রপ্তানি ৭.৭ শতাংশ কমে ১২.১ বিলিয়ন ইউরো (১৪.২ বিলিয়ন ডলার) হয়েছে। এই পতনের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে জার্মান রপ্তানি ২০২২ সালের মার্চ মাসের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।