রংপুরে ওভারটেকিংয়ের সময় বাস ও ট্রাকের মাঝে চাপা পড়ে আখতারুজ্জামান নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কের হাজীরহাট থানা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আখতারুজ্জামান নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম পশ্চিম গণিরাম এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন হাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিবুল ইসলাম।
স্থানীয়দের বরাতে তিনি জানান, রাতে রংপুর শহর থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন আখতারুজ্জামান। হাজীরহাট এলাকায় একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষের শিকার হন তিনি। বাস ও ট্রাকের মাঝখানে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে হাজীরহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। দুর্ঘটনার কারণে মহাসড়কে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, তবে পুলিশ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
ওসি রাজিবুল ইসলাম আরও বলেন, ওভারটেকিংয়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও ট্রাকের মাঝে পড়ে নিহত হয়েছেন আখতারুজ্জামান। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।