মজুরি বাড়ানোর দাবিতে কুষ্টিয়া পৌরসভার প্রধান ফটকের সামনে বর্জ্য ফেলে প্রতিবাদে নেমেছেন পরিচ্ছন্নতাকর্মীরা। রোববার (১৩ জুলাই) সকাল ৯টা থেকে তারা ভ্যানে করে ময়লা এনে পৌরসভার ফটকের সামনে ফেলে দিতে শুরু করেন। এতে সেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।
আন্দোলনকারীদের অভিযোগ, কুষ্টিয়া পৌরসভায় অন্তত ৪৮০ পরিচ্ছন্নতাকর্মী কম মজুরিতে কাজ করছেন। দুই ঘণ্টার কাজে ৬০ টাকা আর পূর্ণদিনে সর্বোচ্চ ২৭৫ টাকা মজুরি দেওয়া হয়। মাসে ৩০ দিন কাজ করলেও মজুরি দেওয়া হয় ২৯ দিনের। অসুস্থতার কারণে কাজ মিস করলে সেদিনের টাকা কেটে নেওয়া হয়; চিকিৎসার জন্যও কোনো সহায়তা নেই।
তারা জানান, আট মাস আগে মজুরি বৃদ্ধির আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ বিষয়ে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও দিয়েছেন তারা।
দীর্ঘদিন কাজ করা জীবন কুমার বলেন, ‘মাসের পর মাস শুধু আশ্বাস, কাজের মূল্যায়ন নেই।’ আরেক কর্মী তাপস কুমার বিশ্বাস বলেন, ‘আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করি, অথচ সবচেয়ে অবহেলিত।’
পৌরসভার পরিচ্ছন্নতা পরিদর্শক জহুরুল ইসলাম বলেন, আন্দোলনকারীরা আপাতত কোনো আশ্বাস শুনতে চাইছেন না। তবে পৌরসভার এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, নতুন প্রজ্ঞাপন অনুযায়ী ৩০–৪০ শতাংশ মজুরি বাড়ানো হয়েছে এবং লিখিত কপি সোমবার দেওয়া হবে। পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে আলোচনার প্রস্তুতিও চলছে।