‘মুক্তিযুদ্ধের চেতনায় লালিত হোক সকল নাট্যকর্ম’—এ শ্লোগানকে ধারণ করে সিরাজগঞ্জ জেলা শহরে প্রতিষ্ঠিত অন্যতম ঐতিহ্যবাহী নাট্য সংগঠন ‘তরুণ সমম্প্রদায়’-এর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ১৯ জুলাই সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ সদরের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না বলেন, ‘সংস্কৃতি হচ্ছে সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার। আজকে আমরা যদি মাদক, জঙ্গি, দুর্নীতি ও বাল্যবিয়ে মুক্ত সমাজ গঠন করতে চাই তাহলে সংস্কৃতিকর্মীদের প্রয়োজন রয়েছে। সরকারের একার পক্ষে সকল কাজ করা সম্ভব নয়। এজন্য সাংস্কৃতিককর্মীদের পাশে পেতে চাই। যদিও সাংস্কৃতিককর্মীরা সবসময় মুক্তিযুদ্ধের পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর গতি বাড়াতে হলে তাঁদের দাবি পূরণ করতে হবে। এখন কথায় নয়, কাজে বিশ্বাসী হয়ে আমরা কাজ করে যাচ্ছি। জায়গার সমস্যাসহ সকল সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া হবে।’ তিনি সাংস্কৃতিক কর্মীদের বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তরুণ সম্প্রদায়ের প্রধান পরিচালক আসাদ উদ্দিন পবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক সিনিয়র আওয়ামীলীগ নেতা কে এম হোসেন আলী হাসান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী সফিকুল ইসলাম সফি, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সাহাদত্ হোসেন হিমু, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ ও নাট্য ফেডারেশনের সভাপতি হীরক গুণ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠন পরিচালক ফরিদুল ইসলাম সোহাগ। অনুষ্ঠানে নাট্যাভিনেতা বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য মমিন বাবুকে সংবর্ধনা দেওয়া হয়। পরে সাংস্কৃতিক পরিচালক সূর্য বারীর পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।