রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

হট মিডিয়া টেস্ট, অনাকাঙ্ক্ষিত শব্দে আতঙ্কিত না হওয়ার আহ্বান

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে ‘হট মিডিয়া টেস্ট’ বা বাষ্প নির্গমন পরীক্ষা শুরু হয়েছে। এতে স্থানীয়ভাবে নির্গত বাষ্প ও অপ্রত্যাশিত শব্দে আতঙ্ক সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা থাকলেও প্রকল্প কর্তৃপক্ষ ও রাশিয়ান নির্মাতা প্রতিষ্ঠান আতোমস্ত্রয় এক্সপোর্ট এবং এনপিসিবিএল আশ্বস্ত করেছেন—এই প্রক্রিয়া সম্পূর্ণ নিরাপদ ও পূর্ব পরিকল্পিত।

রোববার (১৩ জুলাই) থেকে শুরু হওয়া এই পরীক্ষায় পারমাণবিক প্ল্যান্টের মেইন স্টিম পাইপলাইনের কার্যকারিতা যাচাই করা হচ্ছে। এতে উচ্চচাপের বাষ্প নির্দিষ্ট পাইপ দিয়ে বায়ুমণ্ডলে নির্গত হবে। এ সময় জেট ইঞ্জিনের মতো হঠাৎ বিকট শব্দ হতে পারে, যা আগামী ৫-৬ দিন পর্যন্ত মাঝে মাঝে চলবে।

এনপিসিবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান বলেন, এই শব্দ বা নির্গত বাষ্প কোন বিপদের পূর্বাভাস নয়। এটি একটি আন্তর্জাতিক মান অনুসরণ করে পরিচালিত কারিগরি পরীক্ষা, যা পারমাণবিক কেন্দ্রের নিরাপত্তা ও স্থায়িত্ব নিশ্চিতের অংশ।

রাশিয়ান ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষ থেকেও জানানো হয়েছে, এই পরীক্ষার সময় অস্বাভাবিক মনে হতে পারে এমন শব্দ সৃষ্টি হলেও, সেটি সম্পূর্ণ নিয়ন্ত্রিত ও নিরাপদ। জনসাধারণ যেন অযথা উদ্বিগ্ন না হন।